২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন থেকে সরাতেই মামলা: ফখরুল

নির্বাচন থেকে সরিয়ে রাখতেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তার দুই ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন থেকে সরিয়ে রাখতেই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তার দুই ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, "খালেদা জিয়া, তারেক ও কোকোর বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে সরিয়ে রেখে সরকার একতরফা নির্বাচন করতে চাইছে।" জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গত ৮ অগাস্ট একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এছাড়া মুদ্রা পাচারের মামলায় খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই ধরনের একটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে খালেদার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধেও। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে পুরো দেশ কারাগারে পরিণত হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মানুষের মৌলিক অধিকারগুলোও কেড়ে নেওয়া হয়েছে। "সংবিধানের সমালোচনাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এমন নজির নেই," বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। সংবিধানের কোনো বিধানের প্রতি অনাস্থা প্রকাশ করলে তা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হবে বলেও উল্লেখ করা হয়েছে সংশোধিত সংবিধানে। ভারতকে বন্দর ব্যবহারের সুযোগ দিয়ে কী লাভ?- এমন প্রশ্ন তুলে ফখরুল বলেন, "এখনো আমরা তিন বিঘা করিডোর পাইনি।" বিএনপি ভারতের সঙ্গে বৈরিতা নয়, বন্ধুত্ব চায় উল্লেখ করে ফখরুল বলেন, "তবে তা হতে হবে সমতার ভিত্তিতে। গঙ্গা-তিস্তার পানির নায্য হিস্যা দিতে হবে, টিপাইমুখে কোনো বাঁধ দেওয়া যাবে না।" চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী বক্তব্য দেন। 'সাকা চৌধুরী যুদ্ধাপরাধী নয়'-এমন দাবি করে বিষয়টি সারা বিশ্বের কাছে তুলে ধরতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফারহাত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। আলোচনা সভায় অন্যদের মধ্যে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংসদ মোস্তফা কামাল পাশা, সাবেক সাংসদ রোজী কবীর, সরওয়ার জামাল নিজাম, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি নূরী আরা সাফা, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, সহ-সভাপতি এমডিএম কামাল উদ্দিন চৌধুরী বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/২২৪৯ ঘ.