২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কের এই দশার কারণ সরকারের দুর্নীতি: মওদুদ

সরকারের 'দুর্নীতির' কারণেই রাস্তা-ঘাটের নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের 'দুর্নীতির' কারণেই রাস্তা-ঘাটের নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে। শুক্রবার সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "সংসদে ক্ষমতাসীন জোটের জ্যেষ্ঠ সাংসদরা সরকারের ব্যর্থতায় চার মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ চেয়েছে।" "আমরা বলতে চাই, খালেদা জিয়ার নেতৃত্বেই গণআন্দোলনে এ সরকারের পতন ঘটানো হবে," যোগ করেন তিনি। সড়ক, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্য তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুজিবুল হক চুন্নুর তোপের মুখে পড়েন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। এ সময় মহাজোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগ করার আহ্বান জানান। অর্থের জন্য যদি মহাসড়কের এ দুরবস্থা হয়, তবে সে জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জাসদ সভাপতি ইনু। এর মধ্যে দিয়ে ক্ষমতাসীনরা সংসদে 'বিরোধী দলের ভূমিকা' পালন করেছেন উল্লেখ করে তাদের অভিনন্দন জানান সাবেক আইনমন্ত্রী মওদুদ। তিনি বলেন, "সরকারের দুর্নীতির কারণেই দ্র্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও রাস্তা-ঘাটের এই বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। কমিশন পাওয়ার জন্য বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে।" শনিবার বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী সামনে রেখে রাজধানীর বিজয় নগরে হোটেল '৭১ এ এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে সালাম তালুকদার স্মৃতি সংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার প্রয়াত সালাম তালুকদারের জীবনী তুলে ধরে বলেন, "তিনি বড় মাপের নেতা ছিলেন। সব শ্রেণীর মানুষ তার কাছে যেতে পারতো।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, আবদুল হালিম, হায়দার আলী, সাংবাদিক আমান উল্লাহ কবির, প্রয়াত সালাম তালুকদারের জামাতা এম হাসান, সালাম তালুকদার স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল হক আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১৩২ ঘ.