২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির পাশে থাকছে কল্যাণ পার্টি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার দাবিতে বিএনপির সঙ্গে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে কল্যাণ পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার দাবিতে বিএনপির সঙ্গে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে কল্যাণ পার্টি। বৃহস্পতিবার রাজধানীর হোয়াইট হাউজে কল্যাণ পার্টির ইফতারে দলের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম এই ঘোষণা দেন। তিনি বলেন, ''নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমরা বিএনপির আন্দোলনে প্রত্যক্ষ সমর্থন জানাব, পাশে থাকব।'' গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল করা হয়। শুরু থেকেই সরকারের এ উদ্যোগের প্রতিবাদ জানানো বিএনপি তত্ত্বাবধায়ক বহাল রাখার দাবিতে হরতালও করেছে। ইফতারে অতিথিদের স্বাগত জানান কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক উকিল। সেখানে ইবরাহীমের সহধর্মিনী ও পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ফুরকান ইবরাহীমসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "দেশের গণতন্ত্র আজ বিপন্ন। তাই আমরা সবার ঐক্য চাই।" জোটের শক্তি বাড়াতে বিএনপি অন্যান্য দলকেও জোটে পেতে চাইছে। তারা ইতিমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কৃষক-শ্রমিক-জনতা লীগ ও বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে আলোচনাও করেছে। এগুলোর মধ্যে এলডিপি বিএনপির সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে। বাকি দল দুটি বিএনপির সঙ্গে থাকবে কি না সে বিষয়ে এখনো কোনো বক্ব্য দেয়নি। দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, "ঈদে মানুষের ঘরে ফেরার অবস্থাও নেই। রাস্তা-ঘাটের বেহাল অবস্থা। সব কিছু অচল হয়ে গেছে। প্রতিদিন দুঘর্টনা ঘটছে। দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক।" ইফতারের অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, যুগ্ম-মহাসচিব সাহাদাৎ হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, জাতীয় পার্টির (এরশাদ) যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূঞা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান খানসহ সমমনা ৮ দলের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/পিডি/২১৫৩ ঘ.