বাগেরহাট, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলা থেকে জঙ্গি সন্দেহে ছয় যুবককে তিনটি মোটর সাইকেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- যশোরের শার্শা উপজেলার উলশী গ্রামের হাফেজ মো. শাহাদাৎ হোসেন সবুজ (৩০), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের হাফেজ মো. আবু নাইম (২৫), বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বারইপাড়া গ্রামের হাফেজ নুর ইসলাম মল্লিক (২২), বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের হাফেজ রফিকুল ইসলাম (২৩), কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের মাদারতলা গ্রামের হাফেজ হুজ্জাতুল ইসলাম (২৫) এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রামের হাফেজ মো: নূর-এ-আলম সিদ্দিকী (২১)।
শুক্রবার বিকেলে কুলিয়াদাইড় গ্রামের রূপসা-বাগেরহাট পুরাতন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা নিজেদের 'ক্বা-রীয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা সোসাইটি' নামে অপরিচিত একটি সংগঠনের সদস্য বলে দাবি করেছে।
আটককৃত এবং তাদের দাবিকৃত ওই সংগঠন সম্পর্কে খোঁজ নিতে বাগেরহাট মডেল থানা পুলিশ দেশের বিভিন্ন জেলায় জরুরি বার্তা পাঠিয়েছে।
হাফেজ মো. শাহাদাৎ হোসেন সবুজ নিজেকে 'ক্বা-রীয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা সোসাইটির' জেলা আমীর এবং অন্যরা এই সোসাইটির বাগেরহাট জেলার বিভিন্ন কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক বলে দাবি করেন।
শাহাদাৎ হোসেন সবুজ তাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানান, গত চার বছর ধরে 'ক্বা-রীয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা সোসাইটি' নামের এই প্রতিষ্ঠানটি দেশের চল্লিশটি জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
তবে এই কিভাবে কাদের অর্থায়নে পরিচালিত হয় সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
পুলিশ শুক্রবার রাতে রহিমা বেগম (২৫), মোসাম্মাৎ হালিমা খাতুন (১৪) ও তহমিনা খাতুন (২৩) নামে এই সংগঠনের আরো তিন জন নারী সদস্যকেও জিজ্ঞাসাবাদ করেছে।
বাগেরহাট মডেল থানার ওসি আবু জিহাদ খাঁন শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ধরনের সংগঠনের নাম আগে শুনিনি।
কোরআন শিক্ষার আড়ালে দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
তিনি জানান, আটক নূর-এ-আলম সিদ্দিকীর সঙ্গে সবুজের বিরোধ হয়। এই বিরোধের জের ধরে শাহাদাৎসহ অন্যরা শুক্রবার দুপুরে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাবুরহাট এলাকা থেকে মোটর সাইকেলে নূর-এ-আলমকে তুলে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিয়ে যাচ্ছিল।
কুলিয়াদাইড় এলাকায় পৌঁছে নূর-এ-আলম আত্মরক্ষায় মোটর সাইকেল থেকে লাফ দিয়ে পড়ে 'বাঁচাও বাঁচাও' বলে চিৎকার শুরু করে। এসময় স্থানীয় লোকজন তিনটি মোটর সাইকেলসহ ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২৩৪২ ঘ.
bdnews24