ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ও তার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে সরকার সমর্থক ছাত্রলীগের সঙ্গে সংঘাত এড়াতে মাত্র ১৫ মিনিটেই পুরো কর্মসূচি শেষ করে তারা।
সকাল পৌনে ৮টায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করে ৩৫ থেকে ৪০ জন নেতাকর্র্মী। মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে তিন মিনিটের সমাবেশ করে ছাত্রদল।
সমাবেশ শেষে দ্রুত মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন ফটকে পৌঁছে আলাদা হয়ে যায় ছাত্রদল নেতাকর্মীরা।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি সদস্য জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ এড়াতে ভোরে সংক্ষিপ্ত এ কর্মসূচি পালন করা হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই একই সময়ে মাত্র ১০ মিনিটের কর্মসূচি পালন করে সংগঠনটি।
অপরাজেয় বাংলার সামনে সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আহসান উদ্দিন খান শিপন বলেন, "সরকার নিজেদের অপকর্ম ঢাকতে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর পাঁয়তারা করছে।"
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে গত ৮ অগাস্ট বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই দিন খালেদার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচার মামলায় অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত।
সমাবেশ থেকে ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ঢাকা বিশ্বদ্যিালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল হক নাসিরের মুক্তিও দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24