২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ আইনজীবীকে গাড়ি পোড়ানো মামলায় রিমান্ডের আবেদন

হাইকোর্টে হট্টগোলের মামলায় গ্রেপ্তার তিন আইনজীবীকে ধানমন্ডি থানার একটি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে হট্টগোলের মামলায় গ্রেপ্তার তিন আইনজীবীকে ধানমন্ডি থানার একটি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, গাজী তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক রাজনকে ১০ দিন করে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মকবুল হোসেন। গত ১২ ও ১৩ জুন বিএনপির ডাকা হরতালের সময় ১২ তারিখে রাজধানীর মিরপুর রোডের অরচার্ড পয়েন্ট সংলগ্ন একটি দোকানের সামনে ট্যাক্সি ক্যাবে আগুন দেওয়ার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গত সোমবার এই তিন আইনজীবী রমনা থানার একটি গাড়ি পোড়ানোর মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন পান। ধানমন্ডি থানার মামলায় তাদের হেফাজত আবেদন বুধবার গ্রহণ করেননি মহানগর হাকিম শামীমা পারভীন। তিনি বৃহষ্পতিবার এ আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন। হাইকোর্টে হট্টগোলের একটি মামলায় একইদিন ১০ দিন হেফাজতের আবেদন শুনানির জন্য আগেই দিন ধার্য রয়েছে। গত সোমবার এ হেফাজত আবেদন শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় ওই মামলার তদন্ত কর্মকর্তাকে বৃহষ্পতিবার শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলেন ঢাকার মহানগর হাকিম শাহাদত হোসেন। হট্টগোলের দুই মামলায় হাইকোর্ট বুধবার সকালে ১৪ আইনজীবীর মধ্যে ১১ আইনজীবীর চাওয়া আগাম জামিনের আবেদন নাকচ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৪৫ ঘ.