ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের নতুন মিত্র লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাদের সঙ্গে ইফতার করেছেন খালেদা জিয়া।
বুধবার বনানীর সেরিনা হোটেলে এই ইফতারের আয়োজন করে এলডিপি।
ইফতারের আগে স্বাগত বক্তব্যে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা জানিয়ে বলেন, "এই মামলা ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলা দিয়ে আন্দোলন দমানো যাবে না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের ষড়যন্ত্রের জবাব দিতে হবে।"
দ্রব্যমূল্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের 'ব্যর্থতার' সমালোচনা করেন তিনি।
এর আগে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে খালেদা জিয়াকে স্বাগত জানান দলটির চেয়ারম্যান অলি আহমেদ, মহাসচিব অধ্যাপক জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, সৈয়দ দিদার বখত, আবদুল করীম আব্বাসী ও যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম।
রাজনীতিবিদদের জন্য আয়োজিত এই ইফতারে বিএনপি চেয়ারপার্সন ছাড়াও জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিমসহ সমমনা দলের নেতারা অংশ নেন।
ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুুবুর রহমান, জমির উদ্দিন সরকার, সহ-সভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, আবদুল মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, রুহুল আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুুলু, মোহাম্মদ শাহজাহান প্রমুখ নেতারা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৫৭ ঘ.
bdnews24