ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমনে আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের এক দিন পর বুধবার প্রধানমন্ত্রী এ কথা বললেন।
বাংলাদেশে মিশরের বিদায়ী রাষ্ট্রদূত ফয়েজ মুস্তাফা নসিয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে এক সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান।
প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের ভূমি কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না।
সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে শেখ হাসিনা বলেন, "সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। বাংলাদেশের কোনো ভূমি কোনো ধরনের সন্ত্রাসী কোনোভাবেই ব্যবহার করতে পারবে না।"
সন্ত্রাস নির্মূলে সবার সম্মিলিত সহযোগিতা চান তিনি।
সরকারের নিষ্ঠা ও কঠোর প্রচেষ্টার জন্য বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণের কথাও উল্লেখ করেন তিনি।
সাক্ষাতে নসিয়ের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের প্রশংসা করেন।
এছাড়া, দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানান আবুল কালাম আজাদ।
বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৫১৩ ঘ.
bdnews24