ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের ধারাবাহিকতায় বুধবারও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে লেনদেনের পরিমাণও।
সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১৩৯ পয়েন্ট পড়ে। সোমবার ১০৩ পয়েন্ট বাড়লেও মঙ্গলবার পুনরায় ৪৬ পয়েন্ট কমে।
বুধবার দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬১৬২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৫ পয়েন্ট কম।
সারাদিনে ৪৪৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৫০১ কোটি টাকা।
লেনদেন হওয়া ১২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২১টির, ৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
সাধারণ সময়ে পুঁজিবাজারে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চালু থাকলেও রমজানে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৩০ ঘ.
bdnews24