ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযোগ গঠন পিছিয়েছে। শুনানির নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ১৮ অগাস্ট।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাঈদীর আইনজীবীদের আবেদনে অভিযোগ গঠনের শুনানি মুলতবি করেন বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
বুধবার শুনানিতে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আদালতে সাঈদীকে হাজির করা হয়। শুনানি মুলতবির পাশাপাশি সাঈদীর সঙ্গে তার আইনজীবীদের দেখা করার অনুমতিও দেওয়া হয়েছে।
আগামী ১৬ অগাস্ট দুই আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম এবং ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন জামায়াত নেতার সঙ্গে একান্তে কথা বলতে পারবেন। আদালত প্রথমে এ জন্য ২ ঘণ্টা সময় দিলেও পরে তা বাড়িয়ে পুরো দিন করে।
এছাড়া আগামী ১৪ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের ৯৭ পৃষ্ঠা অস্পষ্ট কাগজপত্রের পাঠযোগ্য অনুলিপি দিতে প্রসিকিউশন বিভাগকে নির্দেশ দেয়। ট্রাইবুনালের নিবন্ধকের কাছ থেকে সাঈদীর আইনজীবীরা ওই দিনই তা নিতে পারবেন।
আইনজীবীরা সাঈদীর জামিন আবেদন করলেও আদালত পরবর্তী দিন তার শুনানি হবে বলে জানায়।
শুনানিতে তানভীর আহমেদ, "আমরা আমাদের মক্কেলের সঙ্গে কথা বলতে পারিনি। এছাড়া ট্রাইবুনালের দেওয়া কাগজপত্রের ৯৭ পৃষ্ঠাই অস্পষ্ট। এ সব কারণে অভিযোগ গঠনের শুনানির জন্য প্রস্তুতি নিতে আমাদের আরো আট সপ্তাহ সময় প্রয়োজন।"
পরে তাজুল বলেন, "এছাড়াও আমরা অপরাধ আমলে নেওয়ার আদেশের প্রত্যায়িত অনুলিপি পাইনি। আজ কথা বলার পর তারা বলেছে, ওই অনুলিপি তৈরি। সেটা নিয়ে আমরা অপরাধ আমলে নেওয়ার আদেশ পুনর্বিবেচনার আবেদন করবো। তাই অভিযোগ গঠনের শুনানি এরপরই হওয়া উচিত।"
আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেয়াদ আল মালুম।
আদালতের সতর্কতা
শুনানির শুরুতেই আদালত বলে, এখন থেকে আপনারা ট্রাইবুনালকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আইন ও বিধি জেনে মন্তব্য করবেন।
এ প্রসঙ্গে প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, এ নির্দেশনা সব সময়ের জন্য। আদালতের পরিবেশ পুতপবিত্র রাখা, বাগাড়ম্বর ও বিরক্তিকরা কথা বার্তা বন্ধ করতে এটা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩১০ ঘ.
bdnews24