২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মামলায় ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় আগামী ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় আগামী ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং সেকশনে মামলার এজাহার পাঠানো হলে তা গ্রহণ করে মহানগর হাকিম মো. এরফান উল্ল্যাহ প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন। এজাহার আদালতে উপস্থাপন করেন এ আদালতে দুদকের প্রসিকিউটিং বিভাগের কর্মকর্তা আব্দুর রশীদ। দুর্নীতি দমন কমিশন সোমবারই তেজগাঁও থানায় বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে মামলাটি করে। দুর্নীতির এসব মামলার তদন্তও কমিশনই করে। মামলায় বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি আরো তিন জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের এপিএস (বর্তমানে বিআইডাব্লিউটিএ-এর পরিচালক- নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) জিয়াউল ইসলাম ও ঢাকার মেয়রের এপিএস মনিরুল ইসলাম খান। মামলায় বলা হয়েছে, ২০০৫ সালের ৯ জানুয়ারি সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখায় 'শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে একটি হিসাব খোলা হয়। এতে ৭ দিনের মধ্যে জমা হয় ৭ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা। এর মধ্যে ৬ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৫২৯ টাকা বিএনপির দলীয় তহবিল থেকে আসে। বাকি টাকার মধ্যে ১ কোটি ৩৫ লাখ টাকা মেট্রো মেকার্স ডেভেলপার্স লিমিটেড এবং ২৭ লাখ টাকা জিয়াউল ইসলামের কাছ থেকে ওই হিসাবে আসে। দুদকের অভিযোগ, বিএনপির দলীয় ফান্ডের টাকা ছাড়া বাকি টাকার কোনো বৈধ উৎস নেই। তখনকার প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দাপ্তরিক ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন উৎস থেকে ওই অর্থ সংগ্রহ ও জমা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫০০ ঘ.