২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতার পথ বন্ধ হয়ে যাচ্ছে: ফখরুল

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন মামলা সরকারের সঙ্গে সমঝোতার পথ বন্ধ করে দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন মামলা সরকারের সঙ্গে সমঝোতার পথ বন্ধ করে দিচ্ছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সরকারের সঙ্গে সমঝোতায় আগ্রহের ইঙ্গিত দিলেন বিএনপির মুখপাত্র। সংবিধান সংশোধনের কারণে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের পর বিএনপি বলছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা। অন্যদিকে সরকারি দল বলছে, বিএনপির প্রস্তাব থাকলে তা সংসদে গিয়ে জানাতে। তবে বিএনপি সংসদে না যাওয়ায় এ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। ফখরুল বলেন, "সরকার দেশকে এক ভয়াবহ দুর্যোগের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তারা সমঝোতার কোনো পথ খোলা রাখছে না। সব কিছু বন্ধ করে দিয়ে জাতিকে এক অন্ধকার সুরঙ্গের মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছে।" জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে সোমবার দুর্নীতি দমন কমিশন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা করে। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর এটাই বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রথম মামলা। ওই মামলার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি। আর সে কর্মসূচি গ্রহণে বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভার পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল। সরকার মামলা-হামলা করে প্রতিবাদ দমাতে চায় দাবি করে তিনি বলেন, এটা বন্ধ না হলে জনগণ এর সমুচিত জবাব দেবে। খালেদার বিরুদ্ধে মামলাটি ভিত্তিহীন দাবি করে ফখরুল বলেন, এতে আত্মসাতের কোনো অভিযোগও নেই, সাক্ষীও নেই। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। "যেহেতু বেসরকারি এই প্রতিষ্ঠানটি ট্রাস্ট আইনে পরিচালিত হয়, সেহেতু এর বিরুদ্ধে মামলা করতে হলে তা আইন অনুযায়ী জেলা প্রশাসককে করতে হবে। এক্ষেত্রে দুদকের মামলা করার কোনো এখতিয়ার নেই", বলেন তিনি। বিএনপি নেতা দাবি করেছেন, সরকারের নির্দেশে খালেদার বিরুদ্ধে এ মামলা করেছে দুদক। সরকারি দলের নেতাদের মামলা প্রত্যাহার করে বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরেরও সমালোচনা করেন তিনি। ফখরুল বলেন, "সরকার এ পর্যন্ত তাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ৭ হাজার ৬০০ মামলা প্রত্যাহার করে নিয়েছে। প্রধানমন্ত্রীর নিজেই তার বিরুদ্ধে দায়ের হওয়া ১৫টি মামলা প্রত্যাহার করে নিয়েছেন। ওই মামলার মধ্যে বঙ্গবন্ধু স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের অর্থ চেকের মাধ্যমে নেওয়ার প্রমাণ ছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪৫ ঘ.