২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মামলা: বিক্ষোভ কর্মসূচি বিএনপির

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 06:58 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি। মামলা দায়েরের পরদিন মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদার বিরুদ্ধে মামলার পাশাপাশি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদও জানাবে বিএনপি। কর্মসূচি অনুয়ায়ী বুধবার ঢাকায় ও বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ হবে। ঢাকায় সমাবেশ হবে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ১২টায়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে সোমবার দুর্নীতি দমন কমিশন বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে মামলা করে। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর এটাই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির প্রথম মামলা। অর্থ পাচারের একটি মামলায় একই দিন তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, "এ মামলার (খালেদার বিরুদ্ধে) কোনো ভিত্তি নেই। রাজনৈতিক উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে এ ধরনের বানোয়াট মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর