ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক জ্যেষ্ঠ আইনজীবীরা সোমবারও আলোচনায় না আসায় মুখ থুবড়ে পড়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 'সমঝোতার উদ্যোগ'।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এজলাসে হট্টগোল ও পুলিশ হয়রানি মামলার আসামিরা নিু আদালতে আত্মসমর্পণ করলে তবেই তারা আলোচনায় বসবেন।
এজলাসে হট্টগোলের ঘটনার মীমাংসার জন্য রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এ আলোচনা শুরু হয়। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ছাড়া সরকার সমর্থক কোনো জ্যেষ্ঠ আইনজীবী সেদিন যোগ দেননি।
সোমবার দুপুরের পর এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করে সরকার সমর্থক আইনজীবীদের দেখা না পেয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন বিরোধী দল সমর্থক আইনজীবীরা।
সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বিকেলে সাংবাদিকদের বলেন, "গতকাল (রোববার) বৈঠক মুলতবির পর আমি ব্যক্তিগতভাবে সাবেক সভাপতির সঙ্গে যোগাযোগ করেছি। প্রতিহিংসাপরায়ণ হয়ে দলীয় আঙ্গিকে বিষয়টি দেখার কারণে হয়তো তারা আসেননি।"
'তাদের' মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধ থাকা উচিত ছিলো বলেও মন্তব্য করেন তিনি।
বার সভাপতি বলেন, "এ অবস্থায় আমরা আগামীকাল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। তার আগে বারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো।"
বৈঠকে না যাওয়ার কারণ জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বার সভাপতির এই উদ্যোগ আইনজীবী বা বারের স্বার্থে নয়; অপরাধীদের বাঁচাতে করা হয়েছে। এ কারণে আমরা কেউই যাইনি।"
গ্রেপ্তার এড়াতে ওই দুই মামলার আসামি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর বার সভাপতির কক্ষে 'আশ্রয়' নেওয়ার বিষয়টি উল্লেখ করে সরকারের শীর্ষ আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, আইনজীবী সমিতির সভাপতি অপরাধীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। তাদেরকে নিজের কক্ষে আশ্রয় দিয়েছেন।
এজলাসে হট্টগোল ও পুলিশ হয়রানি মামলার আসামিরা নিু আদালতে আত্মসমর্পণ করলে তবেই তারা আলোচনায় রাজি বলে অ্যাটর্নি জেনারেল জানান।
সংবিধান নিয়ে কটুক্তির অভিযোগে ২ অগাস্ট ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানিতে খালেদা জিয়ার নাম এলে সরকার ও বিরোধী দলপন্থী আইনজীবীদের মধ্যে ব্যাপক হট্টগোল হয়। ওই ঘটনায় পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। হাইকোর্ট রুল জারি করে তাদের আইন পেশা থেকে বিরত থাকারও নির্দেশ দেয়।
এদের মধ্যে ১৩ আইনজীবীদের পক্ষে ৪ অগাস্ট হাইকোর্টে জামিন চাওয়া হলে একটি বেঞ্চ জামিন আবেদনের শুনানিতে বিব্রত বোধ করে। এর কয়েক ঘণ্টার মধ্যে সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক এস এম জলিলের অভিযোগ, ৪ অগাস্ট বিকেলে তিনি মামলার তদন্তের কাজে হাইকোর্টের এনেক্স ভবনে গেলে বিরোধী দল সমর্থক আইনজীবীরা তাকে মারধর করেন। এ ঘটনায় রাতেই হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৯ আইনজীবীসহ ১৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন জলিল।
তাদের জামিন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হলে আইনজীবী সমিতির সভাপতির পক্ষ থেকে সরকার সমর্থকদের সঙ্গে 'সমঝোতার' উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবেই রোববার সমিতির সদস্যদের নিয়ে বৈঠক ডাকেন খন্দকার মাহবুব।
খন্দকার মাহবুব বলেন, "আমরা আদালত অবমানার রুল থেকে নিস্তার পেতে সমঝোতা চাচ্ছি না। পুলিশের মামলা থেকে অব্যাহতি পেতেও আমরা এটা চাচ্ছি না। আমাদের জামিন আবেদনে অ্যাটর্নি জেনারেল খুব শক্তভাবে বিরোধিতা করেছেন। এই বিরোধিতায় আদালতের দৃষ্টিভঙ্গি ভিন্ন মনে হওয়ায় আমরা সময় নিয়েছি।"
'সমঝোতা' চেষ্টার কারণ ব্যাখ্যা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, "আমরা চাইছি, রাষ্ট্রপক্ষ আমাদের জামিনের বিরোধিতা করবেন না।"
"তারা যেহেতু পুলিশের মামলার আসামি। তাই পুলিশ অহমিকা থেকে তাদের ওপর নির্যাতন হতে পারে, এই আশঙ্কায় আমরা নিু আদালতে আত্মসমর্পণ না করে হাইকোর্ট থেকে আগাম জামিন চেয়েছি," যোগ করেন তিনি।
অন্যদের মধ্যে ব্যরিস্টার বদরুদ্দোজা বাদল, এএফ হাসান আরিফ, জয়নুল আবেদীন, ব্যরিস্টার রফিকুল ইসলাম মিঞা, ব্যরিস্টার আব্দুর রাজ্জাক, আবদুল ওয়াহাব, আব্দুর রেজাক খান, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, ব্যরিস্টার মওদুদ আহমদ, ও ব্যারিস্টার আমিনুল হক সোমবার বৈঠকে উপস্থিত ছিলেন।
এই আইনজীবীদের অনেকেই বিএনপি ও জামায়াতের রাজনীতিতে সক্রিয়। বাকিরা 'বিএনপি সমর্থক' হিসাবে পরিচিত।
হট্টগোলের দিন পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ১০ জন এবং তদন্ত কর্মকর্তাকে নাজেহালের মামলায় ৮ জনের জামিন আবেদনের বিষয়ে সোমবার আদেশ হওয়ার কথা থাকলেও জামিন প্রার্থীদের আবেদনে মঙ্গলবার নতুন তারিখ নির্ধারণ করা হয়।
খোঁজ মেলেনি মোহাম্মদ আলীর
আদালতে হট্টগোল ও তদন্ত কর্মকর্তাকে নাজেহালের মামলার আসামি বিএনপি সমর্থক আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর খোঁজ সোমবারও মেলেনি। সকালে জামিন আবেদনের শুনানির সময়ও তিনি আদালতে উপস্থিত হননি।
হট্টগোলের মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক এস এম জলিলকে হয়রানির ঘটনার পর ৪ অগাস্ট বিকালে আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুবের কক্ষে 'আশ্রয়' নেন মোহাম্মদ আলী। তাকে গ্রেপ্তারে ওই রাতে পুলিশ দীর্ঘ সময় খন্দকার মাহবুবের কার্যালয় ঘিরে রাখে।
শুক্র ও শনিবারও ওই কক্ষে অবস্থান করেন বিএনপি সমর্থক এই আইনজীবী। সহকর্মীরা বাসা থেকে পাঠানো খাবার ও পোশাক তার কাছে পৌঁছে দেন। এই পুরো সময়টায় আদালতের বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সভাপতির কক্ষের বাইওে গোয়েন্দা সংস্থার সদস্যদের সাদা পোশাকে উপস্থিত থাকতে দেখা যায়।
রোববার সকালে জামিন আবেদনের শুনানিতে আইনজীবীর পোশাক পরে আদালতে যান মোহাম্মদ আলী। শুনানি শেষ করার পর অন্য আইনজীবীদের সঙ্গে বের হয়ে আবার বার সভাপতির কক্ষে ফেরেন।
এরপর আবার তাকে আদালত চত্বরে দেখা গেলেও রোববার বিকাল সাড়ে ৪টার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই সময়ের পর থেকে তার টেলিফোনও বন্ধ।
মোহাম্মদ আলীর স্ত্রী শামীমা ইয়াসমিন সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত রোববার বিকাল থেকেই আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। মোবাইল বন্ধ। তার সঙ্গে কোনোভাবে যোগাযোগও করতে পারছি না।"
'নিখোঁজ' হওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুলিশকে জানাবো কীভাবে? আমিতো তাদের বিশ্বাস করতে পারছি না। তাদের বিশ্বাস করেইতো আমার স্বামীর এই অবস্থা। সারা দেশে যেসব ঘটনা ঘটছে, দেখছেন না? পুলিশ গাড়ি থেকে নামিয়ে দিয়ে মেরে ফেললো।"
পুলিশে আস্থা না থাকায় পরিচিতজনদের মাধ্যমে স্বামীকে 'খুঁজে বের করার' চেষ্টা করছেন বলে জানালেন শামীমা।
বার সভপতি খন্দকার মাহবুব হোসেনও সোমবার বিকেলে দাবি করেছেন, মোহাম্মদ আলীর খোঁজ তার কাছে নেই।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (আলী) গ্রেপ্তার হননি। রোববারের পর থেকে তিনি কোথায় রয়েছেন, আমরা জানি না। হয়তো পালিয়ে কোথাও থাকতে পারেন।"
এর আগে শুক্রবার রাতে মোহাম্মদ আলী নিজেকে নির্দোষ দাবি করে সাংবাদিকদের বলেন, "আমি পুলিশের তদন্ত কর্মকর্তাকে আঘাত করিনি। বরং কিছু অপরিচিত লোক তাকে মারার চেষ্টা করছে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০১২৭ ঘ
bdnews24