২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিএনপির মিছিল

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার মাগরিবের নামাজের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের হয়। বিএনপির ঢাকা মহানগর শাখাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে যোগ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার মামলা করে দুর্নীতি দমন কমিশন। তেজগাঁও থানায় দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়েছে, কেনার সময় জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়, যার কোনো উৎস চ্যারিটেবল ট্রাস্ট দেখাতে পারেনি। এর আগে সোমবার দুপুরে অর্থ পাচারের অভিযোগে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় তারেক ও তার বন্ধু মামুনের বিরুদ্ধে এ মামলা হয়। অভিযোগপত্রে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে 'নির্মাণ কনস্ট্রাকশন' কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে তারেক ও মামুন ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন। খালেদার বিরুদ্ধে মামলা ও তারেকের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির মিছিলটি বৃষ্টির মধ্যে বিজয়নগর মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, যুবদলের আবদুল সালাম আজাদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান শিমুলসহ নেতা-কর্মীরা এই মিছিলে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/০০০৭ ঘ.