চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিরোধীদলকে দমনের জন্য মহাজোট সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করছে।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নোমান বলেন, জিয়া পরিবার ও বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকারের নীল নকশার অংশ হিসেবে খালেদা জিয়ার নামে দুদককে দিয়ে মিথ্যা মামলা করানো হয়েছে।
অবিলম্বে খালেদার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে বিএনপি রমজান মাসেও হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
রাষ্ট্র পরিচালনায় সরকার ব্যর্থ হয়েছে দাবি করে নোমান বলেন, সরকারের কর্তাব্যক্তিরা সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিতে জড়িয়ে পড়েছে। বিচার বিভাগে সরকার নগ্নভাবে হস্তক্ষেপ করছে।
নির্বাচন কমিশন ও দুদকসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন নোমান।
তিনি বলেন, এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
'বিদ্যমান রাজনৈতিক সঙ্কট ও উত্তরণের উপায়' শীর্ষক ওই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক দিনকালের সম্পাদক অধ্যাপক ড. রেজোয়ান সিদ্দিকী।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইনামুল হকের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নেজামে ইসলামী পার্টির চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/কেএমএস/২২১২ ঘ.
bdnews24