২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আবারো ছাত্রলীগের সংঘর্ষ

সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দু'গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 07:24 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দু'গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। রোববার এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ৪/৫টি দোকান ও বাড়িঘরে ভাংচুর হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। রাত ৯টায় সংঘর্ষ শুরু হয়। ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ২৪ রাউন্ড ফাঁকা গুলি করেছে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন দত্তবাড়ী মহল্লার আব্দুর রশিদ, মুন্না, সজীব, রাশেদুল, কোলগয়লা মহল্লার ইউসুফ ও একডালা মহল্লার স্বপন। একই কারণে শনিবার রাতেও এ দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল। সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, রোববার রাত ৯টার দিকে জানপুর মহল্লার লোকজন দত্তবাড়ী এলাকায় হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার ও ইটপাটকেল নিক্ষেপ করে। তিনি বলেন, সংঘর্ষ থামাতে লাঠিপেটা ও ২৪ রাউন্ড শটগানের ফাঁকা করা হয়। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের সময় আহত পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মালেক, মোসাদ্দেক হোসেন ও কনস্টেবল বেলালসহ সব আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও তিনি জানান। জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বলেন, গত ২ জুন জেলা ছাত্রলীগের সন্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা হয়নি। এতে জেলা ছাত্রলীগের নেতারা দু'ভাগে বিভক্ত হয়ে পড়েন বলে তিনি দাবি করেন। এ অবস্থায় জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সোহেল একক সিদ্বান্তে শুক্রবার সিরাজগঞ্জ সরকারি কলেজ কমিটি গঠন করলে দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সোহেল একক সিদ্বান্তে কমিটি গঠনের কথা অস্বীকার করে বলেন, সবার সঙ্গে আলোচনা করে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, রাতে কিছু টোকাই শ্রেণীর ছেলে বিক্ষিপ্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১১ ঘ.