ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোল ও পুলিশ নাজেহালের মামলার আসামি বিএনপি সমর্থক আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলছেন, মোহাম্মদ আলী 'হয়তো' পালিয়ে গেছেন।
মামলা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে ৪ অগাস্ট বিকেলে সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের কক্ষে 'আশ্রয়' নেন মোহাম্মদ আলী। রোববার সকালে আদালতে গেলেও দুপুরে আবার ওই কক্ষে ফেরেন তিনি। কিন্তু বিকেল থেকে সেখানেও তাকে পাওয়া যাচ্ছে না।
সংবিধান নিয়ে কটুক্তির অভিযোগে ২ অগাস্ট ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। ওই ঘটনায় বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এদের মধ্যে ১৩ আইনজীবীর পক্ষে বৃহস্পতিবার হাইকোর্টে জামিন চাওয়া হলে একটি বেঞ্চ জামিন আবেদনের শুনানিতে বিব্রত বোধ করে। এর কয়েক ঘণ্টার মধ্যে তিন আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক এস এম জলিলের অভিযোগ, ৪ অগাস্ট বিকেলে তিনি মামলার তদন্তের কাজে হাইকোর্টের এনেক্স ভবনে গেলে বিরোধী দল সমর্থক আইনজীবীরা তাকে মারধর করেন। এ ঘটনায় রাতেই হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৯ আইনজীবীসহ ১৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন জলিল।
ওই দুই মামলার আসামি অ্যাডভোকেট মোহাম্মদ আলী গ্রেপ্তার এড়াতে বৃহস্পতিবার (৪ অগাস্ট) বিকালেই আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুবের কক্ষে 'আশ্রয়' নেন। ওই রাতে পুলিশ দীর্ঘ সময় খন্দকার মাহবুবের কার্যালয় ঘিরে রাখে।
শুক্র ও শনিবারও ওই কক্ষে অবস্থান করেন বিএনপি সমর্থক এই আইনজীবী। সহকর্মীরা বাসা থেকে পাঠানো খাবার ও পোশাক তার কাছে পৌঁছে দেন। এই পুরো সময়টায় আদালতের বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সভাপতির কক্ষের বাইরে গোয়েন্দা সংস্থার সদস্যদের সাদা পোশাকে উপস্থিত থাকতে দেখা যায়।
রোববার সকালে জামিন আবেদনের শুনানিতে আইনজীবীর পোশাক পরে আদালতে যান মোহাম্মদ আলী। শুনানি শেষ করার পর অন্য আইনজীবীদের সঙ্গে বের হয়ে আবার বার সভাপতির কক্ষে ফেরেন।
দুপুর ২টার দিকে তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মক্কেলদের মামলা নিয়ে ব্যস্ত আছি। কাজে একটু আদালতের বাইরে এসেছিলাম। কিছুক্ষণের মধ্যে ফিরবো।"
এরপর আবার তাকে আদালত চত্বরে দেখা গেলেও সাড়ে ৪টার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই সময়ের পর থেকে তার টেলিফোনও বন্ধ পাওয়া গেছে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহাম্মদ আলীকে গ্রেপ্তার বা আটকের কোনো খবর তাদের জানা নেই।
এই অ্যাডভোকেটের ঘনিষ্ট এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি বাসায় যাননি, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।"
মোহাম্মদ আলী কোথায় আছেন- এই প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "তিনি কোথায় আছেন, আমি ঠিক জানি না। কে জানে, হয়তো পালিয়ে গেছেন।"
"আজ জামিন আবেদনের শুনানির সময় তিনি আদালতে ছিলেন। আগামীকাল আবার শুনানি রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বলে আশা করছি," যোগ করেন মাহবুব।
এই সময়ের মধ্যে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার হবেন না বলেও আশা প্রকাশ করেন আইনজীবী সমিতির সভাপতি।
এর আগে শুক্রবার রাতে মোহাম্মদ আলী নিজেকে নির্দোষ দাবি করে সাংবাদিকদের বলেন, "আমি পুলিশকে আঘাত করিনি। বরং কিছু অপরিচিত লোক তাকে মারার চেষ্টা করছে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করেছি।"
খন্দকার মাহবুব হোসেনের কক্ষে বসে ওই রাতে তিনি বলেছিলেন, "আমি রোববার পর্যন্ত এখানে থাকবো। আমি বুঝতে পারছি, বের হলেই আমাকে গ্রেপ্তার করা হবে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে, গ্রেপ্তারের পরও আমার সঙ্গে স্বাভাবিক আচরণ করা হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২১৫৪ ঘ.
bdnews24