ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আইন সংস্কার সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে করার প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের সংলাপে জনগণকে সচেতন করে ইভিএম চালুর পরামর্শও দিয়েছে দলটি।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)।
সব দলের অংশগ্রহণ ও সবার কাছে গ্রহণযোগ্য আগামী সংসদ নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের আশা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংলাপে বলেন, "ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী আইনের সংস্কার আনতে হবে।"
"আওয়ামী লীগ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায়। ২০০৮ সালের মতো সর্বজনগ্রাহ্য ও সবার অংশগ্রহণে আগামী নির্বাচনও ইসির কাছে উপহার চাই আমরা। আমাদের মূল্য লক্ষ্য, সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন", বলেন তিনি।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে আশরাফ বলেন, "যে যাই বলুক না কেন, জনগণ খুব দ্রুত প্রযুক্তি আয়ত্তে আনতে পারে। তবে এজন্য প্রযুক্তি পরিচিতির (এডুকেশনের) প্রয়োজন রয়েছে। জাতিকে তা পরিচিত করে সচেতন (এডুকেটেড) করতে হবে।"
আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্য আবুল মাল আবদুল মুহিত অবশ্য ইভিএমের উচ্চ প্রশংসা করেন। শেখ ফজলুল করিম সেলিম প্রযুক্তিগত সুরক্ষার পাশপাশি কেন্দ্রে নিরাপত্তার ওপরও জোর দেন।
এ সংলাপে প্রধান বিরোধী দল বিএনপিকে আনতে ইসিকে আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "নির্বাচন কমিশন সচেষ্ট হলে সবাইকে সংলাপে আনতে পারবে।"
দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধিরা বৈঠকে ছিলেন।
ইভিএম ব্যবহারসহ পাঁচটি বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। আশরাফ জানান, দলীয় ফোরামে আলোচনা করে এসব বিষয়ে চূড়ান্ত মত ইসিকে জানাবেন তারা।
সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অধিকতর সংশোধন (প্রস্তাবিত), নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০১১ (প্রস্তাবিত), নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিধিমালা, ২০১১ (প্রস্তাবিত), প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন, ২০১১ (প্রস্তাবিত), নির্বাচনী প্রচারণা ব্যয় (জনতহবিল) আইন, ২০১১ (প্রস্তাবিত) নিয়ে আলোচনা হয়।
আশরাফ বলেন, "আমরা ইসির প্রস্তাবের বিষয়ে উপযুক্ত ব্যাখ্যাগুলো শুনেছি। এসব নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে সর্বোচ্চ ফোরামে আলোচনা করে মত চূড়ান্ত করবো।"
প্রস্তাবিত আইন নিয়ে ইসির সঙ্গে আরো কয়েক দফা বসতে হবে বলেও মনে করেন তিনি।
'সুষ্ঠু নির্বাচনে যা প্রয়োজন, তাই করতে চাচ্ছি'
সিইসি এটিএম শামসুল হুদা স্বাগত বক্তব্যে বলেন, নির্বাচন ব্যবস্থাপনা ও প্রশাসনিক জটিলতা এড়াতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। সংবিধানে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসি যা ভালো মনে করে তাই করতে পারেন।
ইভিএম ব্যবহারের ইসির দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, "অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যাহা ভালো মনে করছি, আমরা তাহাই করতে চাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছি সৌজন্যবশত। সেজন্য আলাপ-আলোচনা করছি। আমরা করতে চাইলেই করতে পারবো, বাধা দেওয়ার কিছু নেই।"
কুমিল্লা ও নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার হবে বলে জানান সিইসি।
'
সবার মতামত নিন'
সিইসি জানান, বিরোধী দলসহ কয়েকটি দল সংলাপে আসেনি। কয়েকদফা উদ্যোগ নেওয়ার পরও এ বিষয়ে তাদের সাড়া নেই।
এর পরিপ্রেক্ষিতে আশরাফ বলেন, "আমরা একা করলেও তো হবে না। অন্য দলগুলোরও মতামত নিতে হবে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস, ইসি আরো সচেষ্ট হলে সবাইকে নিয়ে আসতে পারবেন। গতবারও তা পেরেছে ইসি।"
পরে তিনি সাংবাদিকদের বলেন, "ইসি উদ্যোগ নিলে সব দলকে সংলাপে এনে ঐক্যমত্য পোষণ সম্ভব। এমন নির্বাচন চাই, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে এবং যা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। এ জন্য সবার মতামত নেওয়া প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫২৫ ঘ.
bdnews24