ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এজলাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আইনজীবীদের আইন পেশার সনদ বাতিল করতে বলায় আইন প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে খোকন সাংবাদিকদের বলেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নির্দেশেই সরকারি আইন কর্মকর্তারা গত মঙ্গলবার হাইকোর্টে 'মাস্তানি' করেছে, বিএনপি সমর্থক আইনজীবীরা নয়।
গত মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোলের ঘটনার প্রসঙ্গ টেনে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, "এজলাসের সামনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আইনজীবীর আইন ব্যবসার সনদ বাতিল করা উচিত।"
তার এ বক্তব্যের বিরোধিতা করে মাহবুব উদ্দিন খোকন বলেন, "উনাকে সুপ্রিম কোর্টে কেউ কোনোদিন প্র্যাকটিস করতে দেখেনি। তাই সুপ্রিম কোর্টের আইনজীবীদের সম্পর্কে এ ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই।"
অ্যাডভোকেট কামরুল বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিু আদালতে পিপি ছিলেন উল্লেখ করে সাংসদ খোকন বলেন, "বিগত সময়ে সরকারের তদন্তে বের হয়েছে যে তিনি সেখানে দুর্নীতি করেছেন। সেই দুর্নীতিবাজের নির্দেশেই সেইদিন (মঙ্গলবার) ওইকোর্টে সরকারি আইন কর্মকর্তারা মাস্তানি করেছেন। আমাদের কেউ করেননি।"
সংবিধান নিয়ে কটুক্তির অভিযোগে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানি হয় মঙ্গলবার। ওই শুনানিতে খালেদা জিয়ার নাম এলে আদালতে ব্যাপক হট্টগোল হয়। বিএনপিপন্থী ১৪ আইনজীবীর বিরুদ্ধে সেদিনই মামলা করে পুলিশ।
এই আইনজীবীদের পক্ষে বৃহস্পতিবার হাইকোর্টে জামিন চাওয়া হলে একটি বেঞ্চ জামিন আবেদনের শুনানিতে বিব্রত বোধ করে। এর কয়েক ঘণ্টার মধ্যে পাপিয়াসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক এস এম জলিলের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে তিনি মামলার তদন্তের কাজে হাইকোর্টের এনেক্স ভবনে গেলে বিরোধী দল সমর্থক আইনজীবীরা তাকে নাজেহাল করেন। এ ঘটনায় রাতেই হত্যাচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৯ আইনজীবীসহ ১৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করেন জলিল।
ওই দুই মামলার আসামি অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের জন্য বৃহস্পতিবার রাতভর তোরজোর চালায় পুলিশ। কিন্তু তিনি বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের কক্ষে 'আশ্রয়' নেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন তিনি।
মোহাম্মদ আলীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, "তার বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা দেওয়া হয়েছে। এই মামলায় তিনি আত্মসমর্পণ করতে পারেন না।"
বার সভাপতির কক্ষে বসে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, "আমি আগামী রোববার পর্যন্ত এখানে থাকবো। আমি বুঝতে পারছি, বের হলেই আমাকে গ্রেপ্তার করা হবে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে, গ্রেপ্তারের পরও আমার সঙ্গে স্বাভাবিক আচরণ করা হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০১৪৫ ঘ.
bdnews24