২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে হাতাহাতির ঘটনায় মামলা

আমিনীর বিষয়ে শুনানিতে হাইকোর্টে হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনায় পুলিশ একটি মামলা করেছে, যাতে আসামি করা হয়েছে বিএনপি সমর্থক আইনজীবীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনীর বিষয়ে শুনানিতে হাইকোর্টে হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনায় পুলিশ একটি মামলা করেছে, যাতে আসামি করা হয়েছে বিএনপি সমর্থক আইনজীবীদের। মঙ্গলবারের ওই ঘটনার পরই শাহবাগ থানায় এ মামলা হয়েছে বলে থানার উপপরিদর্শক ওয়াহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মামলাটি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. সোলাইমান হোসেন। এতে আসামির তালিকায় বিএনপি সমর্থক ১৪ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরো ৩০-৪০ জন জড়িত ছিলো বলে বলা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন- সংসদ সদস্য সৈয়দা আফিফা আশরাফী পাপিয়া, আইনজীবী কামরুল ইসলাম সজল, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরীফ উদ্দীন আহম্মেদ, মাহমুদ আরেফিন স্বপন, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, এম ইউ আহম্মেদ, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম, খৃস্টান নবী, রেজোয়ান আহম্মেদ। সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলার শুনানির সময় খালেদা জিয়ার একই ধরনের বক্তব্যের উল্লেখ করে বিরোধীদলীয় নেতার দেশপ্রেম নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছিলো আদালত। এরপর বিএনপি সমর্থক আইনজীবীরা হৈ চৈ শুরু করলে সরকার সমর্থক আইনজীবীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। মামলায় এজলাসে বিশৃঙ্খলা চলাকালে পুলিশকে মারধর ও কর্তব্য পালনে অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এজাহারে বলা হয়, "আদালতে শুনানি চলাকালে দুই দল আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আসামিরা কোর্টের আসবাবপত্র ভাংচুর শুরু করলে আমরা কোর্টের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার জন্য আসামিদের শান্ত করার চেষ্টা করি। তখন তারা দলবদ্ধ হয়ে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে কিল-ঘুষি মেরে আঘাত শুরু করে।" আদালতের অনুমতি নিয়েই পুলিশ মঙ্গলবার এজলাসে গিয়েছিলো বলে এজাহারে বলা হয়। এদিকে মামলার পর বুধবার ১৩ আইনজীবী জামিনের আবেদন জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেন। বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চে প্রাথমিক শুনানির পর আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে। ওই ১৩ আইনজীবীকে আপাতত গ্রেপ্তার কিংবা হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএন/এমআই/১৫৪০ ঘ.