লক্ষ্মীপুর, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার জন্য বিএনপি সরকারি দলকে দায়ী করলেও আওয়ামী লীগ বলছে, হামলার ওই ঘটনাটি ছিলো 'সাজানো'।
লক্ষ্মীপুর আওয়ামী লীগ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে দাবি করেছে, সোমবারের ঘটনার সঙ্গে আবু তাহেরের পরিবারের কোনো সংশ্লিষ্টতা ছিলো না।
সোমবার লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরের বাড়ির সামনে সন্ত্রাসী হামলায় পড়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গাড়িবহর। এতে ফখরুল অক্ষত থাকলেও সংসদ সদস্য শাহজাহানের গাড়ি ভাংচুর হয়। আহত হয় সাংবাদিকসহ ১২ জন।
লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যামামলায় তাহেরের ছেলে এএইচএ বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের প্রতিবাদে দলের জেলা শাখা আয়োজিত এক সভায় গিয়েছিলেন ফখরুল।
সংবাদ সম্মেলনে জেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান কামাল বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা-কর্মী এবং আবু তাহেরের পরিবারের কোনো সদস্য এ ঘটনায় জড়িত ছিলো না।
জেলা ছাত্রলীগ সভাপতি জাকির আল মামুন বলেন, "এটি বিএনপির নাটক। মিডিয়ায় বিএনপি মহাসচিবের আগমন ফলাও করে প্রচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গাড়ি ভাংচুরের ঘটনাটি ঘটানো হয়েছে।"
সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ করা হয়, বিএনপি নেতারা সোমবার সভা থেকে ফেরার সময় জেলা শহরের উত্তর স্টেশনে ভেন্ডার বাড়ির সামনে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24