ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা পূর্বপরিকল্পিত বলে দাবি করেছে বিএনপি। এ জন্য লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে দায়ী করেছে তারা।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী মঙ্গলবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "এ হামলা পূর্বপরিকল্পিত। পুলিশের প্রশ্রয়ে তাহের স্কোয়াডের সদস্যরা শিপলুর নেতৃত্বে এ হামলা চালিয়েছে।"
সোমবার লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরের বাড়ির সামনে সন্ত্রাসী হামলায় পড়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গাড়িবহর। এতে ফখরুল অক্ষত থাকলেও সংসদ সদস্য শাহজাহানের গাড়ি ভাংচুর হয়। আহত হয় সাংবাদিকসহ ১২ জন।
হামলার প্রতিবাদে বুধবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে বলে জানান রিজভী।
লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যামামলায় তাহেরের ছেলে এএইচএ বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের প্রতিবাদে দলের জেলা শাখার এক সভায় গিয়েছিলেন ফখরুল।
রিজভী বলেন, "রাষ্ট্রপতি কর্তৃক খুনি বিপ্লবের সাজা মওকুফের পর সন্ত্রাসীরা আরো বেপোরোয়া হয়ে উঠেছে।"
বিএনপি তাহের ও তার ছেলেদের এ হামলার জন্য দায়ী করলেও আওয়ামী লীগ নেতার দাবি, ঘটনার সময় তিনি এলাকাতেই ছিলেন না। তার পরিবারও ঢাকায় রয়েছে।
রিজভী বলেন, লক্ষ্মীপুরে বিএনপির সভা ভণ্ডুল করতে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়।
"স্থানীয় শ্রমিক লীগ সমর্থিত অটো রিকসা শ্রমিক লীগ চার দিন ধরে ধর্মঘট করেছে। এরপর গাড়িবহরে হামলা হয়েছে। বিপ্লবের সাজা মওকুফের বিরুদ্ধে কোনো সভা যেন না হয়, সে জন্য চেষ্টা চালিয়ে গেছে তারা", বলেন তিনি।
সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন- এজেডএম জাহিদ হোসেন, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, কবির মুরাদ, হাবিব উন নবী খান সোহেল, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, শরফত আলী সপু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০৮ ঘ.
bdnews24