ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান 'ডাস্টবিনে' ছুড়ে ফেলার বক্তব্যের ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ।
নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টার দিকে দিকে হাইকোর্টে উপস্থিত হন তিনি। সাড়ে ১০টায় সংশ্লিষ্ট আদালতের এজলাসে যান।
সংবিধান নিয়ে কটূক্তি করায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের একটি রিট আবেদনে গত ২০ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ আমিনীকে তলব করেছে।
ব্যক্তিগত হাজিরা থেকে বাঁচতে গত ২৬ জুলাই আমিনীর আইনজীবীরা আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলেও আদালত তাকে সাড়া না দেওয়ায় আমিনীকে হাজির হতে হলো।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করে গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয়। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট শুরু থেকেই এ সংশোধনীর বিরোধিতা করে আসছে।
জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী গত ১৪ জুলাই লালবাগে এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে।
এর আগের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, তার দল ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী ছুড়ে ফেলা হবে।
এদিকে একই বিষয়ে ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সর্দার গত ২৪ জুলাই মহানগর হাকিম রোখসানা বেগম হেপির আদালতে অন্য একটি মামলা দায়ের করেন।
বাদির জবানবন্দি নিয়ে আদালত 'যথাযথ কর্তৃপক্ষের' অনুমোদন নেওয়ার জন্য লালবাগ থানার ওসিকে নির্দেশ দেয়। বাদি এ মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন।
লালবাগ থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহের মামলা করতে সরকারের অনুমতির প্রয়োজন হওয়ায় তা অনুমোদনের জন্য ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে যোগ হওয়া ৭ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা নষ্ট করার প্রক্রিয়া চালালে বা সমর্থন করলে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে। এই অপরাধের জন্য প্রচলিত আইনের সর্বোচ্চ দণ্ড প্রযোজ্য হবে।
অবশ্য আমিনী বলে আসছেন, তিনি ওই বক্তব্য দিয়েছেন 'রূপক' অর্থে।
এর আগে ৩১ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে জিয়াউল হাসান ও হুমকির অভিযোগে জননেত্রী পরিষদের চেয়ারম্যান এবি সিদ্দিকি আরো দুটি মামলা করেছিলেন আমিনীর বিরুদ্ধে।
এছাড়া প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সাবেক চেয়ারম্যান কাজী ফারুকের দায়ের করা একটি হত্যা মামলাও বিচারাধীন রয়েছে আমিনীর বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১০৫০ ঘ.
bdnews24