২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িবহরে হামলা রাষ্ট্রীয় সন্ত্রাস: খালেদা

লক্ষ্মীপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলাকে 'রাষ্ট্রীয় সন্ত্রাস' হিসেবে অভিহিত করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলাকে 'রাষ্ট্রীয় সন্ত্রাস' হিসেবে অভিহিত করেছেন খালেদা জিয়া। সোমবার এক বিবৃতিতে তিনি ওই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন। লক্ষ্মীপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুলের গাড়ি বহরে হামলা হয় সোমবার দুপুরে। খালেদা বিবৃতিতে বলেন, "এই হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে, কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী তাহের পরিবার কতটা ভয়ংকর সন্ত্রাসী।" গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে অপহরণ করে হত্যা করা হয়। এ ব্যাপারে ২০০৩ সালে নুরুল ইসলাম হত্যা মামলার বিচারিক আদালত এ এইচ এম বিপ্লবসহ পাঁচজন আসামীর মৃত্যুদণ্ড এবং নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ গত মাসে মওকুফ করেন রাষ্ট্রপতি। বিপ্লবের বাবা আবু তাহের লক্ষ্মীপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা। বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন অভিযোগ করেন, রাষ্ট্রপতি সম্পূর্ণ অনৈতিকভাবে সব রীতিনীতি লঙ্ঘন করে অ্যাডভোকেট নুরুল ইসলামের খুনি বিপ্লবের দণ্ড মওকুফ করেছেন। মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা ও সদস্য সচিব আবদুস সালামও আলাদা বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১১৩ ঘ.