চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকার বাংলাদেশকে 'জঙ্গিবাদী রাষ্ট্রে' পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
রোববার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "মহাজোট সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি আধুনিক মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত করে তুলেছে।"
বাংলাদেশ জাতীয় মিলাদ কমিটি 'ইসলামের অপব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি ও উগ্র জঙ্গিবাদে মদদদাতাদের সামাজিক প্রতিরোধে আলেম ও পীর মাশায়েখদের ভূমিকা' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
জঙ্গিবাদ দমনে দীর্ঘ, মধ্য ও স্বল্প মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিএনপি-জামায়াত জোটের আমলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছিল।"
'তারা' এখন ইস্যুবিহীন হরতাল ডেকে দেশকে অস্থিতিশীল করতে চায় অভিযোগ করে সাহারা বলেন, "মহাজোট সরকারের নির্বাচনী ওয়াদা ছিলো জঙ্গীবাদ, সন্ত্রাস ও টেন্ডারবাজি বন্ধ করা। সরকার সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।"
সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং নারী নীতির বিরোধিতা করে একটি মহল 'অযথা' রাস্তায় নেমেছে বলেও উল্লেখ করেন সাহারা।
তিনি বলেন, "সংশোধনীতে বিসমিল্লাহ আছে, নারী নীতিতেও ইসলাম বিরোধী কিছু নেই।"
গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ও বিসমিল্লাহ রাখা হলেও 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' বাক্যাংশটি বাদ দেওয়ায় বিএনপির সমমনা কয়েকটি দল আন্দোলন করে আসছে।
এছাড়া সরকারের নারী নীতি নিয়েও আপত্তি জানিয়ে আসছে কয়েকটি ইসলামপন্থী দল।
সাহারা খাতুন বলেন, "মহাজোট সরকার ইসলাম, কোরআন-সুন্নাহ বিরোধী নয়।
জাতীয় মিলাদ কমিটির আহ্বায়ক মাওলানা আবেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম, অনুষ্ঠান আয়োজন কমিটির মহাসচিব হাজী ইকবাল আলী আকবর বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/জেকে/২৩২৮ ঘ.
bdnews24