ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমির হোসেন আমু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব আওয়ামী লীগ তা প্রমাণ করতে চায়।
দলটির উপদেষ্টা পরিষদ সদস্য আমু রোববার বলেন, "গণতন্ত্রের এই পরীক্ষায় ব্যর্থ হলে আওয়ামী লীগকে এরশাদ ও বিএনপির মতো পরিণতি মেনে নিতে হবে।"
রাজধানীতে কাজী বশির উদ্দিন নাট্যমঞ্চে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।
আলোচনার বদলে বিরোধী দল বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিয়েছে বলে দাবি করেন তিনি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দলের নেতাদের উদ্দেশে বলেন, "রমজানের মধ্যে দলীয় সাংসদদের নিজ নিজ এলাকায় বিরোধী দলের অপ্রপচারের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। কর্মীদের থেকে বিচ্ছিন্ন হলে চলবে না।
"কেননা ঈদের পরই দলের ইউনিয়ন সম্মেলন শেষ করে পর্যায়ক্রমে উপজেলা ও জেলা সম্মেলন শুরু করার নির্দেশ আসছে।"
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ মাহবুবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৪৭ ঘ.
bdnews24