২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেশন চালুর দাবি বিএনপির

রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তাই নিম্ন আয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 07:10 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তাই নিম্ন আয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে দলটি। রোববার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, "সরকারের নির্বাচনী অগ্রাধিকারের তালিকায় দ্রব্যমূল্য কমিয়ে আনার অঙ্গীকার থাকলেও তারা আড়াই বছরেও তা কমাতে পারেনি। রোজার আগে এভাবে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় জনগণের নাভিঃশ্বাস উঠেছে।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ঢাকার বিভিন্ন সড়কে রিকশা চলাচল বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক মালিক সমন্বয় পরিষদ এ মানববন্ধন করে। রিকশা-ভ্যান শ্রমিকদের দাবির প্রতি সমর্থন দিয়ে ফখরুল বলেন, "নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করে এ পদক্ষেপ নেওয়া হলে তা মানুষের জন্য উপকারের হতো। কিন্তু এ সরকার জনগণের সরকার নয় বলে ধনীদের কথাই চিন্তা করে এরকম ব্যবস্থা নিয়েছে।" মানববন্ধন কর্মসূচিতে শ্রমিক দলের কার্যকরি সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর করীম মজুমদার, রিকসা-ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক হাওলাদারও অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৪৮ ঘ.