কুমিল্লা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশেও গণবিক্ষোভে সরকারের পতন হবে- বিরোধী দলের এ আশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
তিনি শনিবার কুমিল্লায় এক অনুষ্ঠানে বলেন, "বিএনপি যতই মধ্যবর্তী নির্বাচন নিয়ে তামাশা করুক, লাভ হবে না। আরব বিপ্লবের ট্রেন এখানে থামবে না। বাংলাদেশে প্রতিষ্ঠিত গণতন্ত্র আর মধ্যপ্রাচ্যের গণতন্ত্রহীন এক ব্যক্তির স্বৈরাচারের তুলনা চলে না। এটা মিশরও নয়, এটা তিউনিসিয়াও নয়।"
রাজনৈতিক সংস্কারের দাবিতে গত বছরের শেষ ভাগ থেকে আরব বিশ্বে আন্দোলন চাঙা হয়ে ওঠে। এর এক পর্যায়ে মিশর ও তিউনিসিয়ায় সরকার পতন হয়। বাহরাইন, সিরিয়া ও ইয়েমেনে জারি হয় জরুরি অবস্থা। লিবিয়ায় এখনো যুদ্ধ চলছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করলেও নতুন কোনো মোর্চা গঠনের বিষয়টি নাকচ করে কাদের বলেন, "এ মুহূর্তে আমাদের কোনো মোর্চা করার তাগিদ নেই। আমরা জোট বাড়াচ্ছি না, পাল্টাপাল্টিও করছি না।"
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাদের কুমিল্লা তথ্য অফিস পরিদর্শনের সময় এ কথা বলেন।
ওই সময় উপস্থিত আওয়ামী লীগ নেতাদের কোন্দল ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, "স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কোনো জটিলতা বা সমস্যা তৈরি হলে কেন্দ্রীয় নেতাদের জানাবেন, কিন্তু জনগণের কাছে আওয়ামী লীগটাকে ছোট করবেন না। আওয়ামী লীগ ছোট হলে সবাই ছোট হয়ে যাবেন। তারপর এটার এফেক্ট হবে ভোটের সময়।"
"মানুষ যদি অসন্তুষ্ট হয় এ অসন্তোষের জবাব ব্যালটের মাধ্যমে দিয়ে দেবে", নেতাদের সতর্ক করেন তিনি।
সিটি করর্পোরেশন হয়ে যাওয়ায় কুমিল্লায় দলের মহানগর কমিটি হবে বলেও জানান কাদের।
তথ্য অফিসে কাদেরের সঙ্গে কুমিল্লার আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন হুইপ মুজিবুল হক মুজিব, সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ওমর ফারুক, কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আফজল খানের পত
bdnews24