ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীরা ভারতে লুকিয়ে থাকলে তাদের খুঁজে বের করা হবে- প্রধানমন্ত্রীকে বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবনে গণভবনে দেখা করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর খুনীদের খুঁজে বের করা প্রসঙ্গে এ আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান।
গতবছরের ১৫ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে জানান, বঙ্গবন্ধু হত্যামামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দুজন খান মোসলেম উদ্দিন ও আব্দুল মাজেদ ভারত বা পাকিস্তানে রয়েছেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কয়েকজন আত্মীয়সহ তার পরিবারের প্রায় সব সদস্যকে হত্যা করে।
বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সেসময় দেশে না থাকায় তারা হত্যার হাত থেকে বেঁচে যান।
১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ আদালত ২০ আসামির ১৫ জনকে মৃত্যুদণ্ডের রায় দেয়। আসামি পক্ষের আবেদনে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় বিভক্ত রায় দেয়। এতে বিচারপতি মো. রুহুল আমিন ১০ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। অন্য বিচারপতি এ বি এম খায়রুল হক ১৫ আসামির ফাঁসির আদেশ বহাল রাখেন।
২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের তৃতীয় বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম তার রায়ে ১২ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে তিনজনকে খালাস দেন।
২০০৯ সালের ১৯ নভেম্বর বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের মধ্যে এ পাঁচজনই কারাগারে আটক ছিলেন।
গতবছরের ২৮ জানুয়ারি ওই পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/১৯৩৭ ঘ.
bdnews24