ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক কেন্দ্রীয় সম্পাদক ও খুলনা জেলার সভাপতি কমরেড রতন সেন হত্যার ১৯তম বার্ষিকীতে তার হত্যার ঘটনাটি পুনঃতদন্তের দাবি জানিয়েছে তার দল।
এ দাবিতে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও সমাবেশ করেছে সিপিবি নেতা-কর্মীরা।
১৯৯২ সালের ৩১ জুলাই সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গুলিতে নিহত হন রতন সেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিচারিক আদালতের রায়ে খালাস পান মামলার সব আসামি।
এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও পুনঃবিচারের প্রতিশ্র"তি আওয়ামী লীগের ছিলো জানিয়ে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স সমাবেশে বলেন, "খুনিরা বিএনপি-জামায়াত গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকায় তারা খালাস পেয়ে যায়। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এ মামলার পুনঃতদন্ত ও বিচারের নির্দেশ দিলেও সেই নির্দেশ কার্যকর হয়নি।"
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি নেতা আহসান হাবিব লাবলু, শংকর আচার্য্য, আশিষ কুমার দে, অনির্বাণ সাহা, ছাত্র ইউনিয়ন সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল প্রমুখ।
তারা সবাই রতন সেন হত্যামামলা পুনঃতদন্তে প্রশাসনকে অবিলম্বে উদ্যোগ নেওয়ার দাবি জানান।
সমাবেশ থেকে জানানো হয়, এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে ৩১ জুলাই খুলনার হাদিস পার্কে এবং রতন সেনের গ্রামের বাড়ি রূপসা উপজেলার ডেমরা গ্রামে রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24