২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বাজেটও আ. লীগ দিতে পারবে না: অলি

আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে বিএনপির সঙ্গে জোট করার ঘোষণা দেওয়ার পরদিনই এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বলেছেন, বর্তমান সরকার আগামী বাজেট পর্যন্তও টিকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 06:15 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে বিএনপির সঙ্গে জোট করার ঘোষণা দেওয়ার পরদিনই এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বলেছেন, বর্তমান সরকার আগামী বাজেট পর্যন্তও টিকবে না। শনিবার দলের প্রতিনিধি সম্মেলনে তিনি আরো বলেন, "আমরা দুই বছর আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিলাম। কিন্তু তারা আমাদের বুকে লাথি মেরেছে। আমাদের কান্নায় আল্লাহ'র আরশ কেঁপে উঠেছে।" শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর অলি সাংবাদিকদের বলেন, "আমরা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।" প্রতিনিধি সম্মেলনে বক্তব্যে খালেদার সঙ্গে আলোচনার প্রসঙ্গে এলডিপি চেয়ারম্যান বলেন, "তার সঙ্গে দর কষাকষি করতে যাইনি, গিয়েছি ১০ বছরের রাজনৈতিক দূরত্ব কমিয়ে আনতে। আন্দোলনের প্রশ্নে আমাদের নেতারা বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করছে। এতে আন্দোলনের পরবর্তী বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে। তবে আমাদের মধ্যে দূরত্ব কমে এসেছে।" আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও আলোচনার প্রস্তাব এসেছে জানিয়ে তিনি বলেন, "তাদের বলেছি, আপনাদের সঙ্গে থাকা সম্ভব নয়।" নিজেকে দেশের প্রথম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা দাবি করে অলি বলেন, "দেশ আজ গভীর সঙ্কটের মধ্য দিয়ে চলছে। যেভাবে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, সেভাবে মানুষের আয় বাড়েনি। ফলে মানুষের জীবনে নাভিশ্বাসের সৃষ্টি হয়েছে। সমাজ থেকে ন্যায়বিচার নির্বাসিত হয়েছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের মানুষকে এ সঙ্কট থেকে উদ্ধার করা আমার দায়িত্ব।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের এক সময়ের অংশীদার অলি বর্তমান সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী কায়দার দেশ চালানোর অভিযোগ তুলে বলেন, "আগামী দিনের আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির বিজয় হবেই।" হোটেল রাজমনি ঈশাখাঁয় অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির ৪০টি জেলা থেকে প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে দলের পক্ষ থেকে ২১ দফা প্রস্তাব উপস্থাপন করেন এলডিপি চেয়ারম্যান। তাদের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাষ্ট্রপতির পদকে শক্তিশালী করা, বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ ও শক্তিশালী করা, নির্বাচন কমিশনকে সরকারের প্রভাবমুক্ত করা, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত, শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচনে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, জঙ্গিবাদ কঠোরভাবে দমন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে গণতন্ত্র সুসংহত করা এবং সরকার ও রাজনীতিবিদদের স্বচ্ছতা নিশ্চিত করা। সম্মেলনে দলের মহাসচিব জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ ও উপদেষ্টামণ্ডলীর সদস্য নূরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার একদিন আগে ২০০৬ সালে ২৬ অক্টোবর দল থেকে পদত্যাগ করেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অলি। এরপর সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারাকে নিয়ে নতুন দল এলডিপি গঠন করেন। তবে কিছুদিনের মধ্যেই তারা আবার আলাদা হয়ে যান। অলির দল এলডিপি গত সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটেও ভিড়েছিলো। তবে আলাদাভাবে নির্বাচন করে দলটি। ২০০৮ সালের ওই সংসদ নির্বাচনে অলি চট্টগ্রাম-১৩ ও চট্টগ্রাম-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে বিজয়ী হলেও অন্যটিতে জামায়াতে ইসলামীর শামসুল ইসলামের কাছে পরাজিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৪৪ ঘ.