২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের সঙ্গে আর নয়: এরশাদ

আওয়ামী লীগ বিগত নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে অবিচার করেছে অভিযোগ করে দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, এবার আর একসঙ্গে নয়- এককভাবে নির্বাচন করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 06:44 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ বিগত নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে অবিচার করেছে অভিযোগ করে দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, এবার আর একসঙ্গে নয়- এককভাবে নির্বাচন করবেন তিনি। শুক্রবার বিকালে জাতীয় পার্টির রংপুর জেলা শাখার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগ ৬০টি আসন দেওয়ার কথা বলে ৪৮টি আসন দিয়েছে। "রংপুরের ৩টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়ে তারা চরম অন্যায় করেছে। তাই আগামীতে জাপা এককভাবে নির্বাচনে অংশ নেবে।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে এরশাদ বলেন, "এ পদ্ধতি বাতিল হওয়ায় জাপা লাভবান হয়েছে। আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম এই পদ্ধতি রাজনীতিবিদদের জন্য কলঙ্ক। কয়েকজন টোকাইকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানিয়ে যে নির্বাচন করা হয় তা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস আর আস্থা স্থাপন করতে পারেনি।" তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা প্রসঙ্গে এরশাদ বলেন, "তারা না আসলেও নির্বাচন হবে। আমরা এককভাবে অংশ নেব।" সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম রাখার বিষয়টিকে জাতীয় পার্টির বিজয় বলেও উল্লেখ করেন তিনি। সাবেক স্বৈরশাসক এরশাদের আমলেই ১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। জাপার জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা জাপা নেতা করিম উদ্দিন ভরসা, মশিয়ার রহমান রাঙ্গা, রংপুর পৌরসভার মেয়র ও জাপা নেতা আব্দুর রউফ মানিক প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০০৩৮ ঘ.