ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন করার ঘোষণা দিয়েছেন এলডিপি প্রধান অলি আহমেদ।
শুক্রবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসায় বৈঠকের পর অলি সাংবাদিকদের বলেন, "আমরা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আন্দোলন হবে ডিজিটাল।"
"শনিবার এলডিপির প্রতিনিধিসভায় দলের অবস্থান নিয়ে বিস্তারিত জানানো হবে," যোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এপিডির সভাপতির সঙ্গে ফলোপ্রসূ আলোচনা হয়েছে।
স্ত্রী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে অলি আহমেদ রাত ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসায় পৌঁছালে মির্জা ফখরুল তাদের স্বাগত জানান।
অলি বিএনপি ছাড়ার ৫ বছর পর এই বৈঠকের মধ্যে দিয়ে তার সঙ্গে আবার একসাথে হলেন খালেদা জিয়া। টানা পৌনে দুই ঘণ্টা বৈঠক শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে ব্রিফিং করেন অলি।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, "সরকারের অপকর্মের বিরুদ্ধে আমাদের এবারের আন্দোলন চিরাচরিত ধারায় হবে না। আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ করতে চায়। আর আমরা ডিজিটাল আন্দোলন করব।"
বর্তমান সংকট উত্তরণে এলডিপি প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করেন তিনি বলেন, "আমাদের খেলা হবে খোলামেলা (ওপেন)। অল কার্ড অন দ্যা টেবিল। কার্ড উইল প্লে ওপেনলি এন্ড ট্রান্সপারেন্ট। আপনি (সরকার) খেলবেন, আমরাও খেলব।"
বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার একদিন আগে ২০০৬ সালে ২৬ অক্টোবর দল থেকে পদত্যাগ করেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অলি। এরপর সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারাকে নিয়ে নতুন দল এলডিপি গঠন করেন। তবে কিছুদিনের মধ্যেই তারা আবার আলাদা হয়ে যান।
অলির দল এলডিপি গত সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটেও ভিড়েছিলো। তবে আলাদাভাবে নির্বাচন করে দলটি। ২০০৮ সালের ওই সংসদ নির্বাচনে অলি চট্টগ্রাম-১৩ ও চট্টগ্রাম-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। চট্টগ্রাম-১৩ আসনে বিজয়ী হলেও অন্যটিতে জামায়াতে ইসলামীর শামসুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।
গত ১৩ জুলাই বিএনপির গণঅনশনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) যোগ দেওয়ার মধ্য দিয়ে দল দুটির কাছাকাছি আসার প্রক্রিয়া গতি পায়। এরপর মির্জা ফখরুল ও বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা ২০ জুলাই এলডিপি চেয়ারম্যান অলির বাসায় যান। পরে দুই দলের মহাসচিব পর্যায়েও বৈঠক হয়। সেখানে ঐক্যের বিষয়ে এলডিপির পক্ষ থেকে বিএনপিকে সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব দেওয়া হয়।
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও গত ২৩ জুলাই খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করেছিলেন।
''
জামায়াতের সবাই যুদ্ধাপরাধী নয়'
মুক্তিযোদ্ধা অলি আহমেদ ব্রিফিংয়ে বলেন, "আওয়ামী লীগের সঙ্গে জামায়াত থাকলে তারা পাক-পবিত্র। আর আমার সঙ্গে থাকলে নাপাক। এ ধারণা কেন। জামায়াতে ইসলামীর সব লোক মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি। গুটিকয়েক লোক যুদ্ধের বিরোধিতা করেছে। এখন যারা ওই দলটিতে আছে তাদের বয়স ৪০ বছরের নিচে। তারা কেউ যুদ্বাপরাধী নয়।"
১৯৯১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় যোগাযোগমন্ত্রী থাকলেও ২০০১ সালে মন্ত্রিত্ব না পাওয়ায় ২০০৬ সাল থেকে জঙ্গিবাদ, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বাঁধাসহ নানা বিষয়ে সমালোচনায় মুখর ছিলেন অলি।
'
তারেক প্রসঙ্গে'
বিএনপি থেকে পদত্যাগের পর তারেক রহমানকে দুর্নীতিবাজ বলেছিলেন অলি আহমেদ। এখন এ বিষয়ে অবস্থান জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, "বাবা আদমের (আ.) সময় যা ছিলো, হযরত মোহাম্মদের (সা.) সময় সেই অবস্থা ছিল না। ৬ বছর আগে কি বলেছি- তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। এখন ১৬ কোটি মানুষকে এই সরকারের যাতাকল থেকে বাঁচানোর জন্য কথা বলছি আমরা।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ নিজেদের ৭ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। আর অন্যদের একটি মামলাও প্রত্যাহার করেনি। এক দেশের দুই আইন চলতে পারে না।"
'
সরকারের প্রস্তাব প্রত্যাখান'
সরকারের বিরুদ্ধে নিজের দলের অবস্থান স্পষ্ট করে অলি বলেন, "আওয়ামী লীগ ও সরকারের কয়েকজন মন্ত্রী- বিশেষ করে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদ আমার সঙ্গে গত কয়েকদিন ধরে কথা বলেছেন। তাদের মধ্যে কেউ কেউ বাসায় এসেও কথা বলেছেন। আমি তাদের স্পষ্টভাবে বলে দিয়েছি- আপনাদের বিরুদ্ধে আমি সংগ্রামে নামার সিদ্ধান্ত নিয়েছি।"
"এ অবস্থায় দুই জায়গায় কথা বলা আমি ভালো মনে করি না। এ রকম কাজে আমি অভ্যস্ত নই। আমি এক কথার মানুষ," যোগ করেন তিনি।
'
'ব্যবধান কমলো''
শুক্রবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক সময়ের একান্ত কর্মকর্তা (এডিসি) অলি আহমেদ বলেন, "আমাদের দুই পরিবারের মধ্যে এক সময় ঘনিষ্ঠ সর্ম্পক ছিলো। প্রতি সাপ্তাহে সাক্ষাৎ হতো। গত ১০ বছরে অনেক ব্যবধান সৃষ্টি হয়েছে। আজকের সাক্ষাতের মধ্যে দিয়ে এই ব্যবধান দূর হয়েছে বলেই আমি মনে করি।"
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানও এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০০০৭ ঘ.
bdnews24