ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনে আরো দলকে এক করতে কাদের সিদ্দিকীর পর এবার অলি আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া।
শুক্রবার রাত ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসায় এলডিপি সভাপতির সঙ্গে এই বৈঠক শুরু হয়। এই সাক্ষাতের মধ্য দিয়ে বিএনপির এক সময়ের নেতা অলি আহমদের সঙ্গে পাঁচ বছর পর একসাথে হলেন খালেদা। অলির স্ত্রী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমও উপস্থিত রয়েছেন এই বৈঠকে।
অলি দম্পতি রাত ৮টায় কিছুক্ষণ আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় পৌঁছালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের স্বাগত জানান।
খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহত্তর ঐক্য গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে খালেদা জিয়ার আমন্ত্রণে কর্নেল অলি দেখা করতে এসেছেন।"
গত ২৩ জুলাই কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন।
গত ১৩ জুলাই বিএনপির গণঅনশনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) যোগ দেওয়ার মধ্য দিয়ে দল দুটির জোট বাঁধার প্রক্রিয়া গতি পায়।
এরপর গত ২০ জুলাই এলডিপি চেয়ারম্যান অলির বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সহসভাপতি সাদেক হোসেন খোকা। পরে দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠক হয়। সেখানে ঐক্যের বিষয়ে এলডিপির পক্ষ থেকে বিএনপিকে সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব দেওয়া হয়।
চারদলীয় জোট সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার একদিন আগে ২০০৬ সালে ২৬ অক্টোবর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অলি পদত্যাগ করে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারাকে নিয়ে নতুন দল এলডিপি গঠন করেন।
তখন অলির সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন শেখ রাজ্জাক আলী, জাহানারা বেগম, আনোয়ারুল কবির তালুকদার, আলমগীর কবির, জিয়াউর রহমান খান, রেদোয়ান আহমেদ, মনি স্বপন দেওয়ান প্রমুখ।
১৯৯১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় যোগাযোগমন্ত্রী থাকলেও ২০০১ সালে মন্ত্রিত্ব না পাওয়ার পর ২০০৬ সাল থেকে জঙ্গিবাদ, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বাঁধাসহ নানা বিষয়ে সমালোচনায় মুখর হন অলি।
গত সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটেও ভিড়েছিলো এলডিপি। তবে আলাদাভাবে নির্বাচন করে দলটি।
২০০৮ সালের সংসদ নির্বাচনে অলি চট্টগ্রাম-১৩ ও চট্টগ্রাম-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। চট্টগ্রাম-১৩ আসনে বিজয়ী হলেও অন্যটিতে জামায়াতে ইসলামীর শামসুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২০১১ ঘ.
bdnews24