জয়পুরহাট, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আব্দুল বারিক মণ্ড বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার এ ইউনিয়নের কাঁশপুর কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের পর রাতে ফল প্রকাশ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল কবীর।
কাঁশপুর কেন্দ্রে ১ হাজার ৬৩৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩২৮ জনই ভোট দিয়েছেন। চেয়ারম্যান পদে বারিক মণ্ডল পেয়েছেন ৭৪২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নূরুজ্জামান চৌধূরী বিপ্লব পেয়েছেন ৫৮৬ ভোট।
সব মিলিয়ে ৪ হাজার ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বারিক। বিপ্লব পান ২ হাজার ৯৮৬ ভোট।
গত ১২ জুন এ ইউনিয়নে নির্বাচনের সময় কাঁশপুর কেন্দ্রে গণনার সময় সংঘর্ষে বিপ্লবের ভাগ্নে নিহত হয়। ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় পরে এ কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।
তবে বৃহস্পতিবার ভোটগ্রহণ ও গণনা ছিলো শান্তিপূর্ণ। নিরাপত্তার কড়াকড়িও ছিলো বেশ।
এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের জয়পুরহাট সফরের মধ্যেই তার দলের বারিকের বিজয়ের খবর আসে। জেলা জাতীয় পার্টি নেতা তিতাস মোস্তফা সাংবাদিকদের বলেন, বারিক মণ্ডলের বিজয়ে এরশাদ খুশি হয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০৫ ঘ.
bdnews24