ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সুষ্ঠু বাস্তবায়নে প্রশাসনকে ঢেলে সাজানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, "সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে জনগণকে অধিক সেবা দিতে আমরা প্রশাসনকে ঢেলে সাজাতে চাই।"
সরকারি কর্মকর্তাদের আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশকে, দেশের উন্নয়নকে, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে সবার ঊর্ধ্বে স্থান দিতে হবে।"
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার রাতে 'বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের' বার্ষিক নৈশভোজে শেখ হাসিনা এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "দেশের কল্যাণে, জনগণের কল্যাণে নিজেদের নিবেদিত করতে হবে।"
"কোনো কাজ একা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না" উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বিভাগ, অধিদপ্তর ও সংস্থাগুলোর সমন্বয় করে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।"
এই সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো যেন দ্রুত বাস্তবায়িত হয় সে দিকে কর্মকর্তাদের নজর দেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
স্থানীয় সরকার সচিব ও নৈশভোজ অনুষ্ঠানের সভাপতি আবু আলম মোহাম্মদ শহীদ খান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, "আমরা আপনার সঙ্গে আছি। আপনি অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমি সবার পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি- আমরা শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত আপনার সঙ্গে আছি।"
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও ঢাকার বিভাগীয় কমিশনার মইনুদ্দীন আবদুল্লাহ বলেন, "এখনো অনেক কর্মকর্তা পদোন্নতির অপেক্ষায় আছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডাররা পদোন্নতিতে বৈষম্যের শিকার হচ্ছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩৫০ ঘ.
bdnews24