২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপ্লবের দণ্ড মাফ: লক্ষ্মীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

নুরুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিএনপি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

লক্ষ্মীপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নুরুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে বিপ্লবের মৃত্যুদণ্ড মওকুফের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিএনপি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা আদালত ভবন চত্বর, সদর উপজেলার জকসিন বাজার, মান্দারী, হাজির পাড়া, চন্দ্রগঞ্জ এবং রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। নুরুল ইসলাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। আদালত ভবন চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঞা, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ মো. শামছুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু প্রমুখ। বক্তারা বলেন, রাষ্ট্রপতি নুরুল ইসলামের হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিপ্লবের দণ্ড মওকুফ করে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরের শান্তিপ্রিয় জনগণের অনুভূতি আর বিশ্বাসে কুঠারাঘাত করেছেন। মওকুফের আদেশ বাতিল করে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার আবেদন জানান তারা। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জকসিন বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ায় লাহারকান্দি ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোশাররফ হোসেন মশু ও ভাঙ্গাখাঁ ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ার হোসেন কাজল, বিএনপি নেতা আবদুর রহিম ভূঞা, বেলায়েত হোসেন, শরীফ হোসেন শ্যামল, আবুল কাশেম, আযম, জহির, নোমান, শরীফ, ইউছুফ এবং ১৫নং লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বপন, ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন, লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এমরান হোসেন, ছাত্রলীগ কর্মী আমিরুল ইসলামসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, তারা জকসিন বাজারে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার সময় আওয়ামী লীগ সমর্থিত কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। অবশ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়েদুল কাদেরকে মান্দারী বাজারে স্বাগত জানানোর জন্য তারা জকসিন বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এদিকে, বিকেলে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মহিবুর রহিম বাবুলের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি সেখানে ১মিনিট নীরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. জমশের আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন,সাধারন সম্পাদক মিজানুর রহিম, পৌর মেয়র এম এ তাহের, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। গত সোমবার ঢাকার স্কয়ার হাসপাতালে মহিবুর রহিম বাবুল মারা যান। মঙ্গলবার লক্ষ্মীপুরের মান্দারীতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২১৪ ঘ.