২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপিহীন নির্বাচনে আ. লীগ ক্ষমতায় টিকবে না'

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, বিএনপিকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে বলেন, "তিনি (এরশাদ) বলেছেন, দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে না গেলেও তার দল এককভাবে অংশ নেবে। '৮৬ সালে জাতীয় বেঈমান হয়ে শেখ হাসিনা এরশাদ সাহেবের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ওই নির্বাচনে গঠিত সংসদের মেয়াদ ছিলো ১৬ মাস। "এবারও তিনি সেই স্বপ্ন দেখছেন। আমরা বলে দিতে চাই, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তার পরিণতি শুভ হবে না। ওই সরকার ১৬ দিনও ক্ষমতায় থাকতে পারবে না।" গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এর ফলে আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের অধীনে হওয়ার কথা। রাজধানীতে নয়া পল্টনে বিএনিপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়। ঢাকা ছাড়া সারাদেশে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দুই মামলায় তারেকের বিরুদ্ধে চলতি মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মির্জা ফখরুল বলেন, "আড়াই বছরে সরকার কোনো দ্রব্যের মূল্য কমাতে পারেনি। প্রতিটি পণ্যের দাম আকাশচুম্বি, মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যে জনগণের নাভিশ্বাস হয়ে উঠছে।" মহানগর বিএনপির আহবায়ক ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজুলল হক মিলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান, মহিলা দলের মহানগর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করে মহানগর যুগ্ম আহবায়ক আবু সাঈদ খান খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০৭ ঘ.