ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিএফ, কাবিখা ও টিআরসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি বন্ধে ডিসিদের স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে বৈঠকে খাদ্যমন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দু'টি বিভাগের আওতায় ডিসিরা অনেক কার্যক্রম পরিচালনা করে থাকেন। বিশেষ করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কাজগুলো তাদের অধীনে হয়। এসব ক্ষেত্রে বরাদ্দ ও কাজ সুষ্ঠুভাবে না হয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকে।
"এসব ক্ষেত্রে যাতে কোন অনিয়ম বা দুর্নীতি না হয়, সেজন্য স্বচ্ছতার ভিত্তিতে বরাদ্দ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের।"
মন্ত্রী জানান, অবকাঠামো, নদী ও খাল খনন এবং মাঠ ভরাটসহ অন্য কাজগুলো কঠোরভাবে তদারকি করতেও তাদের বলা হয়েছে।
"বাজারে চালের দাম বেশি থাকায় এখনো ওএমএস'র কার্যক্রম চালানো হচ্ছে। রমজানে আরো বিশেষ ভিজিএফ বরাদ্দ দেওয়া হবে।"
এছাড়াও রমজানের পর দেশের প্রায় ৭৭ লাখ পরিবারকে বিশেষ সূলভমূল্যে চাল দেওয়া হবে। এজন্য ইতোমধ্যেই খাদ্য মন্ত্রণালয় প্রস্তুতি শুরু করেছে বলে জানান খাদ্যমন্ত্রী।
জুন মাসের শেষ দিকে বিশেষ বরাদ্দ দেওয়া এবং এতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এবার বাজারে চালের দাম অনেক বেশি ছিল। ভরা মৌসুমেও চালের দাম নিয়ন্ত্রণে না থাকায় এ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এতে অর্থ মন্ত্রণালয় টাকা দিতে পারেনি। তাই চাল বিক্রি করে টাকায় রূপান্তর করতে গিয়ে কিছু সমস্যা হয়েছে।
মজুদবিরোধী আইনের বিষয়ে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী রাজ্জাক বলেন, বাজারে সরবরাহ নিশ্চিত করা গেলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব। এদিকে সরকার বিশেষ দৃষ্টি দিচ্ছে। এ বছর সরকার চাহিদা অনুযায়ী আটার সরবরাহ করতে পেরেছে বলেই বাজারে এখন আটার দাম অনেক কম। অন্য ক্ষেত্রে এমন পরিকল্পনা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৫৬ ঘ.
bdnews24