ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার দাবিতে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী।
মঙ্গলাবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, "আওয়ামী শাসনামলে সব পণ্যের দামই প্রায় দ্বিগুণ বেড়েছে। অথচ মানুষের আয় বাড়েনি। এই অবস্থায় মানুষের জীবনধারণ অত্যন্ত কষ্ট সাধ্য হয়ে পড়েছে।"
বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ- এ দাবি করে তিনি বলেন, "সরকারের ব্যর্থতার বিরুদ্ধে যাতে বিরোধী দল আন্দোলন গড়ে তুলতে না পারে সেজন্য বিরোধী দলের উপর জেল, জুলুমসহ নানা ধরনের অত্যাচার-নির্যাতন চলছে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০১৬ ঘ.
bdnews24