সিলেট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একক নির্বাচনে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষ ক্ষমতার পালাবদল নয়, পরিবর্তন চায়। সে সুযোগ কাজে লাগাতে হবে।
মঙ্গলবার বিকালে সিলেট মিলনায়তনে জাতীয় পার্টির সিলেট বিভাগীয় তৃণমূল কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুইনেত্রী পরস্পর বিরোধী অবস্থান নিয়েছেন।এ অবস্থায় গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় পার্টি একক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।"
জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলকে 'স্বর্ণযুগ' হিসেবে তুলে ধরে তিনি বলেন, "ওই সময়টা জনগণের কাছে নিন্দিত নয় বরং নন্দিত হয়েছে। না হলে কারাবন্দি থাকা অবস্থায় পাঁচ আসনে জয়ী হতাম না।"
আগামীতে জাতীয় পার্টি ৩০ ভাগের বেশি ভোট পাবে বলে আশা প্রকাশ করেন এরশাদ।
তিনি বলেন, "কখনো একক নির্বাচনের প্রচারণা চালাতে পারিনি। কারা অন্তরীণ অবস্থায় আমার দলের সাবেক মন্ত্রীদের নির্বাচন করতে হয়েছে। এবার আমি মুক্ত।"
সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে তার নিজের জয় হয়েছে মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, "২০ বছর ধরে আমি এ পদ্ধতির বিরোধিতা করে আসছি। কিন্তু শেষ পর্যন্ত বর্তমান সরকার সংবিধান সংশোধনীর মাধ্যমে এ পদ্ধতি বাতিল করেছে। এর মধ্য দিয়ে রাজনীতিবিদদের কলঙ্ক মুছে গেছে।"
ক্ষমতায় গেলে পুনরায় রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তিনি।
দলের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৯৫৫ ঘ.
bdnews24