২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে যেতেই হচ্ছে আজহার-আমিনীকে

তলবের আদেশ স্থগিত চেয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর আবেদনের ওপর কোনো আদেশ দেয়নি আদালত। ফলে ২ অগাস্ট আমিনী এবং ৮ অগাস্ট আজহারকে আদালতে যেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তলবের আদেশ স্থগিত চেয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর আবেদনের ওপর কোনো আদেশ দেয়নি আদালত। ফলে ২ অগাস্ট আমিনী এবং ৮ অগাস্ট আজহারকে আদালতে যেতে হবে। মঙ্গলবার হাইকোর্টের তলবের আদেশ স্থগিত চেয়ে তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন 'নো অর্ডার' দেন। সংবিধান নিয়ে কটূক্তি করায় গত ২০ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ আমিনীকে ২৭ জুলাই আদালতে তলব করে। পরে তা পুনর্নির্ধারিত করে ২ অগাস্ট করা হয়। এ ছাড়া আদালতকে উদ্দেশ করে অবজ্ঞামূলক বক্তব্য দেওয়ায় আজহারকে ৮ অগাস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। আবেদনের ওপর আমিনী ও আজাহারের পক্ষে শুনানি করেন- টিএইচ খান, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল। হাইকোর্টে দুটি রিট আবেদনেই আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আমিনী ও আজহারের আইনজীবীরা চেম্বার বিচারপতি বরাবর আবেদন করেছিলেন। তবে আদালত নো অর্ডার দিয়েছে। তাই তাদের আদালতে আসতেই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৬১৬ ঘ.