২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন-আফসারুলকে এক মঞ্চে আনার চেষ্টা

বিবাদমান দুই নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আফসারুল আমীনকে এক মঞ্চে নিয়ে বুধবার কর্মী সমাবেশ করতে যাচ্ছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবাদমান দুই নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আফসারুল আমীনকে এক মঞ্চে নিয়ে বুধবার কর্মী সমাবেশ করতে যাচ্ছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। কেন্দ্রঘোষিত কর্মসূিচর অংশ হিসেবে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ বিকাল ৩টায় নগরীর মুসলিম হলে এ কর্মী সমাবেশের আয়োজন করেছে। গত এক বছরের বেশি সময় ধরে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসলেও মহিউদ্দিন ও আফসারুল যাতে এই সমাবেশে এক মঞ্চে বসেন, তা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দলটির নেতারা। নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি করা হয়েছে চট্টগ্রাম জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সভাপতিত্বে জেলা (উত্তর) সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নগর কমিটির যুগ্ম সম্পাদক আফসারুল আমীন, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর বাহাদুর ও আমিনুল ইসলাম আমিনকে। চট্টগ্রাম থেকে নির্বাচিত সাংসদরাও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে ফারুক জানান। নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা কেন্দ্রের কর্মসূচি। এখানে সবাই আসতে বাধ্য। কেউ না আসলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।" চট্টগ্রামের রাজনীতিতে দানু নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে মহিউদ্দিনের বিরোধীপক্ষের নেতৃত্বে রয়েছেন নগর কমিটির যুগ্ম সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন। আফসারুল আমীনের অনুসারী নগর কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করি আফসারুল আমীন সাহেব অনুষ্ঠানে আসবেন। সাংগঠনিক প্রক্রিয়ায় দ্বিমত থাকতে পারে, কিন্তু আমাদের আদর্শে কোনো দ্বিমত নেই।" সমাবেশে নগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার প্রায় সাত হাজার কর্মী উপস্থিত থাকবে জানিয়ে দানু বলেন, "সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি, সবাইকে এক মঞ্চে দেখতে পাবেন।" মহিউদ্দিন চৌধুরী ও আফসারুল অমিনের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি গত বছরের অক্টোবরে প্রকাশ্যে আসে। এই বিরোধের জের ধরে উভয় পক্ষের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি শোকজ ও অব্যাহতি প্রদানের ঘটনাও ঘটে। বিরোধ নিরসনে গত ২৬ ফেব্র"য়ারি চট্টগ্রাম সার্কিট হাউজে জেলার আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে তিন জ্যেষ্ঠ নেতাকে বিরোধ নিরসনের দায়িত্ব দেন তিনি। দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করলেও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন তারা। গত ৭, ১৭ ও ২৬ মার্চ, ১৭ এপ্রিল এবং সর্বশেষ ২৩ জুন দলের প্রতিষ্ঠাবর্ষিকীতেও দুই পক্ষের নেতারা আলাদাভাবে কর্মসূচি পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২২৪৭ ঘ.