ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলাকে সরকার রাজনৈতিক মামলায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
সোমবার বিকালে এক আলোচনা সভায় মওদুদ বলেন, "সরকার রাজনৈতিকভাবে লাভবান হতে এই মামলায় তারেককে জড়িয়েছে। মামলাটির সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানকে অভিযুক্ত করে সরকার সত্যিকারভাবে ওই হামলার বিচার দাবি থেকে সরে গেছে। এখন তারা মামলাটিকে রাজনৈতিক মামলায় পরিণত করেছে।"
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বিস্ফোরক ও হত্যা দুই মামলার সম্পূরক অভিযোগপত্রে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিযুক্ত করেছে সিআইডি।
ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত এবং কয়েকশ আহত হন।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইয়ুথ ফোরামের উদ্যোগে '২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র ও রাজনীতি' শিরোনামে এ আলোচনা সভা হয়।
'জনগণের সার্বভৌমত্ব খর্ব'
পঞ্চদশ সংবিধান সংশোধনীর একটি অনুচ্ছেদে জনগণের সার্বভৌমত্ব খর্ব করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মওদুদ আহমদ।
পঞ্চদশ সংবিধান সংশোধনীর অনুচ্ছেদ ৭ (খ) ব্যাখ্যা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "এই অনুচ্ছেদে বলা হয়েছে, প্রস্তাবনাসহ কয়েকটি অনুচ্ছেদ কখনো পরিবর্তন কিংবা সংশোধন করা যাবে না। এর মাধ্যমে জনগণের মালিকানা ও ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের সংবিধানে জনগণই ক্ষমতার উৎস।
"সেখানে সংবিধানের কিছু অনুচ্ছেদ জনগণ সংশোধন করতে পারবে না তা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি।"
মওদুদ বলেন, "সংবিধান কোরআন শরীফ নয় যে তা পরিবর্তন ও সংশোধন করা যাবে না। সংবিধান জনগণের উর্ধ্বে হতে পারে না। এটা জনগণের অধীনে একটি দলিল।"
অনুচ্ছেদ ৭ (খ) বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান মওদুদ।
গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়। এর আগে চলতি বছরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে।
সাবেক আইনমন্ত্রী মওদুদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করতে হবে। নইলে আপনারা রক্ষা পাবেন না।"
সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংসদ শাম্মী আখতার, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভানেত্রী শ্যামা ওবায়েদ, সাংবাদিক অলিউল্লাহ নোমান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০৪ ঘ.
bdnews24