২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ এই সরকারকে আর চায় না: খালেদা

দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেছেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়া বলেছেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে তিনি বলেছেন, "এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।" রোববার রাতে লক্ষ্মীপুরের প্রয়াত অ্যাডভোকেট নুরুল ইসলামের স্ত্রী রাশিদা ইসলাম ও তার ছেলে শহিদুল ইসলাম বিরোধীদলীয় নেতার সঙ্গে গুলশানে তার কার্যালয়ে দেখা করতে এলে এ কথা বলেন খালেদা। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামকে গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর বাসা থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ টুকরা টুকরা করে মেঘনায় ফেলে দেওয়া হয়। আলোচিত এ ঘটনায় ২০০৩ সালে হত্যামামলার রায়ে বিচারিক আদালত লক্ষ্মীপুর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেয়। তবে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর থেকে পলাতক ছিলেন বিপ্লব। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার প্রকাশ্য হন তিনি। ওই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া এ এইচ এম বিপ্লবের দণ্ড রাষ্ট্রপতি মওকুফ করেছেন বলে গত ২০ জুলাই একটি দৈনিকে খবর প্রকাশিত হয়। এ দণ্ড মওকুফের ঘটনায় সরকারের সমালোচনা করেছে বিরোধী দল বিএনপি। সরকারের কয়েকজন মন্ত্রী দণ্ড মওকুফ সমর্থন করে বক্তব্য দিয়েছেন। বিরোধীদলীয় নেতা দেশের বর্তমান পরিস্থিতিকে সংকটজনক অভিহিত করে বলেন, "দেশে এখন আইনের শাসন বলে কিছু নেই। প্রতিনিয়ত খুন-রাহাজানি-সন্ত্রাস চলছে। আমিনবাজারে ৬ ছাত্রকে কীভাবে হত্যা করা হয়েছে। "এই সরকার জনগণের সরকার নয়। তারা মইনুদ্দিন-ফখরুদ্দীনের ষড়যন্ত্রে ক্ষমতায় এসেছে। তারা জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের এরকম অবস্থা হতো না।" সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে খালেদা বলেন, "সীমান্তে প্রতিনিয়ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আমাদের মানুষকে হত্যা করছে। কিন্তু সরকার এ ব্যাপারে প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায় না। এটি একটি নতজানু, ব্যর্থ ও অপদার্থ সরকার।" খালেদা জিয়ার বক্তব্যের আগে নুরুল ইসলামের স্ত্রী রাশিদা ইসলাম তার স্বামীর হত্যামামলার রায় বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, "আমার স্বামীর হত্যাকারীকে রাষ্ট্রপতি মাফ করে দিয়েছেন। উনি (রাষ্ট্রপতি) একজন আইনজীবী হয়ে অপর একজন আইনজীবীর হত্যাকারীকে কীভাবে ক্ষমা করে দিলেন। তা হলে দেশে আইনের শাসন কোথায়।" "উনি যদি আমার স্বামীর হত্যাকারীকে মাফ করে দেন, তাহলে রাষ্ট্রপতি তার স্ত্রী হত্যার বিচার চাইতে পারেন না।" ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমান সহ দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী নিহত হন। হত্যাকারীর দণ্ড মওকুফ করায় পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান রাশিদা ইসলাম। এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৪৪ ঘ.