২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রের ওপর এখন জনগণের মালিকানা নেই: মওদুদ

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের ওপর থেকে জনগণের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের ওপর থেকে জনগণের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মওদুদ আহমদ। রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, "আমাদের সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে- প্রজাতন্ত্রের সব ক্ষমতা উৎস জনগণ। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় আল্লাহ'র ওপর আস্থা ও বিশ্বাস তুলে নেওয়াসহ কয়েকটি সংশোধন যোগ করা হয়েছে। "এতে বলা হয়েছে তা কখনো পরিবর্তন করা যাবে না। এর মাধ্যমে জনগণের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। তাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে আমরা মনে করি।" বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এসব সংশোধনী বাতিল করে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী দল সমর্থিত গবেষণা সংস্থা 'গ্র"প-২০০৯-জি-৯' এর উদ্যোগে 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের প্রভাব শীর্ষক' এই আলোচনা সভা হয়। সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "সরকার ক্ষমতায় থেকে আগামী নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তার স্বাধীনতার ঘোষণাসহ তিনটি তফসিল সংযোজন করা হয়েছে।" নিরপেক্ষ নির্বাচনে হলে আওয়ামী লগি আর ক্ষমতায় আসতে পারবে না বুঝতে পেরে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে দাবি করেন মওদুদ। গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে চলতি বছর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে এ ব্যবস্থা বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। মওদুদ বলেন, "আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে সরকার তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করেছে।" বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ বলে মন্তব্য করেন তিনি। সাংবাদিক শফিক রেহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও জি-নাইন-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, দৈনিক ধানের শীষের সম্পাদক সাখওয়াতৎ হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩১ ঘ.