২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীর বিরুদ্ধে মামলা: সরকারের অনুমোদন নেওয়ার নির্দেশ

সংবিধান 'ডাস্টবিনে' ছুড়ে ফেলার কথা বলায় মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সরকারের অনুমোদন নিতে থানাকে নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান 'ডাস্টবিনে' ছুড়ে ফেলার কথা বলায় মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সরকারের অনুমোদন নিতে থানাকে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সর্দার রোববার মহানগর হাকিম রোখসানা বেগম হ্যাপির আদালতে এই মামলা দায়ের করেন। দুপুরে বাদির জবানবন্দি নেওয়ার পর বিকালে 'যথাযথ কর্তৃপক্ষের' অনুমোদন নেওয়ার জন্য লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিদেশ দেওয়া হয়। বিচারক বলেন, "ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুসরণ করে লালবাগ থানা এ বিষয়ে ব্যবস্থা নেবে।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করে গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয়। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট শুরু থেকেই এই সংশোধনীর বিরোধিতা করে আসছে। এই জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী গত ১৪ জুলাই লালবাগে এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান ডাস্টবিনে ফেলে দিতে হবে। তার ওই এ বক্তব্য নিয়ে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির হাইকোর্টে ইতোমধ্যে একটি রিট আবেদন করেছেন। ওই আবেদনে আগামী ২৭ জুলাই আমিনীকে তলব করেছে উচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে যোগ হওয়া ৭ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা নষ্ট করার প্রক্রিয়া চালালে বা সমর্থন করলে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে। এই অপরাধের জন্য প্রচলিত আইনের সর্বোচ্চ দণ্ড প্রযোজ্য হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। অবশ্য আমিনী বলে আসছেন, তিনি ওই বক্তব্য দিয়েছেন 'রূপক' অর্থে। নজরুল ইসলাম সর্দার মামলায় অভিযোগ করেছেন, আমিনী ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে মোনাজাতে বাংলাদেশের সংবিধান নিয়ে ধৃষ্টতাপূর্ণ উক্তি করেছেন। মোনাজাতে আমিনী বলেছেন, "হে আল্লাহ আমাকে যেমন গৃহবন্দি করে রাখা হয়েছে তেমনি শেখ হাসিনাকেও গৃহবন্দি করে রাখ।" মোনাজাতের উছিলায় জনগণের নামে সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেয়ার হুমকি দিয়ে আমিনী আইনিভাবে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে জনমনে অসন্তোষ ও ঘৃণা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন বলেও মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। বাদি বলেছেন, "এই বক্তব্যের মাধ্যমে আমিনী নির্বাচিত সরকার, সংবিধান ও জনগণকে অপমান করেছেন। তার এ উক্তি রাষ্ট্রদ্রোহী অপরাধ।" এর আগে ৩১ মার্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জিয়াউল হাসান ও হুমকির অভিযোগে জননেত্রী পরিষদের চেয়ারম্যান এবি সিদ্দিকি আরো দুটি মামলা করেছিলেন আমিনীর বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলায় আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পরে তা পরেবর্তন করে আদেশের জন্য নতুন দিন রাখা হয়। এছাড়া প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সাবেক চেয়ারম্যান কাজী ফারুকের দায়ের করা একটি হত্যা মামলাও বিচারাধীন রয়েছে আমিনীর বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৯১০ ঘ.