২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের কমিটি নিয়ে ভাংচুরের ঘটনায় মামলা

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি নিয়ে বিরোধের জের ধরে বিএনপির প্রধান কার্যালয় ভাংচুরের ঘটনায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি নিয়ে বিরোধের জের ধরে বিএনপির প্রধান কার্যালয় ভাংচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। শুক্রবার মধ্যরাতে পল্টন থানায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মচারী দলিল উদ্দিন বাদি হয়ে দুই জনকে আসামি করে মামলাটি করেন। আসামিরা হলেন- ছাত্রদলের গত কমিটির সহ সভাপতি নূরুল ইসলাম নয়ন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জুয়েল। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরির্দশক (এসআই) হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার জানান, অগ্নিসংযোগ, ভাংচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনের চার তলায় ছাত্রদলের অফিসে একদল কর্মী নতুন কমিটির দাবিতে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের ছবি ভাংচুর করে। তারা বর্তমান কমিটির বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। ২০০৯ সালের জানুয়ারিতে টুকুকে সভাপতি ও আমিরুল ইসলাম খান আলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠিত হয়। চলতি বছরের জানুয়ারিতে ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকে নেতা-কর্মীরা নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে আসছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৯৩৬ ঘ.