ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান নিয়ে কটূক্তি করায় হাইকোর্টের তলব প্রসঙ্গে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, সংবিধান নিয়ে ওই বক্তব্য ছিলো রাজনৈতিক।
শনিবার রাজধানীর লালবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবিধান নিয়ে কটূক্তি করায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৭ জুলাই সকাল সাড়ে ১০টায় তার মন্তব্যের ব্যাখ্যা নিয়ে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রিট দায়েরের প্রতিবাদ জানিয়ে আমিনী বলেন, "রূপক অর্থ মাথায় রেখেই বক্তব্য দেওয়া হয়েছিলো। আমি সেদিন বলেছিলাম, যে সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দেওয়া হয়েছে, আগামীতে জনগণ তা ডাস্টবিনে নিক্ষেপ করবে।"
গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ ৫৫টি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়। বিএনপিসহ চারদলীয় ঐক্যজোট শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলো।
আমিনী বলেন, "যে কথার প্রেক্ষিতে আমাকে হাইকোর্টে তলব করা হয়েছে তা ছিল একটি রাজনৈতিক বক্তব্য। এই জাতীয় বক্তব্যের আক্ষরিক বাস্তবায়ন কখনো হয় নাই, ভবিষ্যতেও হবে না।"
তার সংবিধান 'ডাস্টবিনে ফেলা' বক্তব্যের ব্যাখা দিয়ে আমিনী বলেন, "এর মূল অর্থ ছিলো, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেসব কাঁটাছেড়া করা হয়েছে আগামীতে জনগণ তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, আর আমরা ক্ষমতায় গেলে বা যারাই ক্ষমতায় আসবে তারাই তা বাদ দিয়ে সংবিধানকে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় নিয়ে যাবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ. তৈয়্যেব, প্রচার সম্পাদক আহলুল্লাহ ওয়াছেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৯২৭ ঘ.
bdnews24